নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট না দিলে ‘নরকে যেতে হবে’—রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে এমন কড়া মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে আয়োজিত সম্মেলনের শেষ দিনে সমর্থকদের ভোট দেওয়ার শপথ করান ট্রাম্প। এ সময় তিনি নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ভোট দিতে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
ট্রাম্প প্রথমে সমর্থকদের সঙ্গে একটি শপথবাক্য পাঠ করান। সেখানে তারা আগামী ৩ নভেম্বর ভোট দিতে যাবেন এবং পরিবার ও বন্ধুদেরও ভোটকেন্দ্রে নিয়ে যাবেন বলে অঙ্গীকার করেন। এরপরই ট্রাম্প বলেন, “আপনারা যদি ভোট না দেন, তাহলে কী হবে জানেন? আপনারা নরকে যাবেন।”
রিপাবলিকানদের কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার ওপর ট্রাম্প প্রশাসনের আগামী দুই বছরের রাজনৈতিক কর্মসূচির বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে। নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু হতে পারে—এমন আশঙ্কাও রিপাবলিকান শিবিরে রয়েছে।
সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও দলীয় সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ইরান যুদ্ধসহ প্রশাসনের বিভিন্ন নীতি নিয়ে দলের ভেতরে মতভেদ থাকলেও তিনি ভোটারদের রিপাবলিকানদের ছেড়ে ডেমোক্র্যাটদের দিকে না যাওয়ার আহ্বান জানান।
ট্রাম্পের দুই দিনের এই সম্মেলন মূলত মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান ভোটারদের চাঙ্গা করা এবং দলীয় ঐক্য জোরদারের উদ্দেশ্যে আয়োজন করা হয়। নির্বাচনী প্রচারে ট্রাম্প নিজের প্রশাসনের সাফল্যের পাশাপাশি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালান।
মধ্যবর্তী নির্বাচন ঘিরে রিপাবলিকানদের জন্য ভোটার উপস্থিতি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সেই কারণে ট্রাম্পের বক্তব্যে বারবার ভোটারদের নির্বাচনের দিন কেন্দ্রে যাওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তাঁর সর্বশেষ বক্তব্যে সেই প্রচারণাই আরও নাটকীয় রূপ পেল।