বার্ষিক ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভারতে নিযুক্ত ইরানি দূতাবাসের পক্ষ থেকে তার নয়াদিল্লি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে পেজেশকিয়ানের। শুক্রবারই দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতিও আলোচনায় গুরুত্ব পেতে পারে।
ব্রিকস সম্মেলনে ইরানের প্রেসিডেন্টের অংশগ্রহণ এমন এক সময়ে হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতসহ নানা বিষয়ে উত্তেজনা বিরাজ করছে। ফলে নয়াদিল্লিতে পেজেশকিয়ানের উপস্থিতি এবং ভারতের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠককে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।