সৌদি আরবের ওপর ইয়েমেনের হুথিদের সাম্প্রতিক হামলা এবং এর জেরে তৈরি আঞ্চলিক উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফোনালাপে তারা ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত প্রশমনে কূটনৈতিক আলোচনা ফের শুরুর সম্ভাবনাও খতিয়ে দেখেছেন বলে জানিয়েছেন পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা।
বার্তা সংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, দুই দেশের শীর্ষ কর্মকর্তার আলোচনায় মূলত ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ, সংঘাতের সব দিক থেকে উত্তেজনা কমানোর উপায় এবং আবারও আলোচনার টেবিলে ফেরার সম্ভাবনা গুরুত্ব পায়।
ফোনালাপে সৌদি আরবের ওপর হুথিদের হামলার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এ হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
পাকিস্তানি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আরাঘচি ও মুনিরের আলোচনার অন্যতম লক্ষ্য ছিল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে আরও বিস্তৃত আঞ্চলিক সংঘাতে পরিণত হওয়া ঠেকাতে কূটনৈতিক উদ্যোগের পথ খুঁজে বের করা। তবে সম্ভাব্য আলোচনা কোথায় বা কীভাবে শুরু হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতের পাশাপাশি ইয়েমেন ও সৌদি আরবকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে ইরানের শীর্ষ পর্যায়ের যোগাযোগ কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি