ইসরায়েল-লেবানন আলোচনা স্থগিত

দক্ষিণ লেবাননে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটার মধ্যেই ইসরায়েল ও লেবাননের মধ্যে নির্ধারিত আলোচনা স্থগিত করা হয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে নতুন করে কোনো আলোচনা হচ্ছে না।

দক্ষিণ লেবাননের চলমান বিস্ফোরণ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার ভবিষ্যৎ নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহ-তে শনিবার (১২ সেপ্টম্বর) আকস্মিক সফরে গিয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন নিশ্চিত করেন, এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে নতুন কোনো আলোচনা হবে না। তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, বন্দিদের মুক্তি, বাস্তুচ্যুত মানুষের নিজ নিজ এলাকায় ফিরে যাওয়া এবং পুনর্গঠন এসবই লেবাননের জাতীয় নীতি; এগুলো বাস্তবায়নের অঙ্গীকার রয়েছে।

এর আগে এএফপি এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, চলতি মাসে রোমে ইসরায়েল ও লেবাননের মধ্যে যে পরবর্তী দফার আলোচনা হওয়ার কথা ছিল, তা এখন অক্টোবরের আগে হচ্ছে না। মার্কিন ওই কর্মকর্তা জানান, এর পরিবর্তে আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতরা বৈঠকে বসবেন। সেখানে গত জুনে ঘোষিত একটি কাঠামোগত চুক্তির বাস্তবায়ন কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে।

ওই চুক্তির আওতায় লেবাননের সেনাবাহিনীকে তথাকথিত ‘পাইলট জোন’গুলোতে হিজবুল্লাহকে নিরস্ত্র করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে জানান, হিজবুল্লাহ যাতে দক্ষিণ লেবাননে আবার নিজেদের উপস্থিতি ও অবকাঠামো গড়ে তুলতে না পারে, তা নিশ্চিত করতে ইসরায়েলি বাহিনী সেখানে অবস্থান অব্যাহত রাখবে। সূত্র: আল-জাজিরা