হরমুজ প্রণালির নতুন রুট নির্ধারণে ৮ দেশের বৈঠক স্থগিত

হরমূজ প্রণালিতে নতুন সামুদ্রিক রুট নির্ধারণের জন্য সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের সালালাহ শহরে নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বৈঠক স্থগিত ঘোষণা করা হয়েছে। 

রোববার রাতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গঠনমূলক আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে সাময়িকভাবে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আঞ্চলিক ঐকমত্যের স্বার্থেই সালালাহে হতে যাওয়া সোমবারের বৈঠকটি স্থগিত করা হলো। তবে আমাদের অঞ্চলে স্থায়িত্ব ও স্থায়ী সহযোগিতাকে সমর্থন করে এমন সংলাপ বজায় রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।

তিনি তাঁর পোস্টে বাহরাইন, ইরান, ইরাক, ইউএই, ওমান, কাতার, সৌদি আরব এবং কুয়েতের জাতীয় পতাকা যুক্ত করেন, যা ইঙ্গিত দেয় যে এই আটটি দেশ এই বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল।

যদিও ওমান বৈঠকের নতুন কোনো তারিখ বা স্থগিতের স্পষ্ট কারণ প্রকাশ করেনি, তবে বাহরাইন ইরানকে বয়কট করার একদিন পরই এই সিদ্ধান্ত এলো। শনিবার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দেয়, ইরানের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা ইরানের উপস্থিতিতে কোনো যৌথ মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নেবে না।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ওমান ও ইরান যৌথভাবে হরমূজ প্রণালির নতুন রুট চূড়ান্ত করেছে এবং এর মানচিত্র ও যৌথ বিবৃতি প্রস্তুত রয়েছে। 

তবে তিনি স্পষ্ট করেন যে, এই চুক্তির অর্থ কোনোভাবেই হরমূজ প্রণালি উন্মুক্ত করে দেওয়া নয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত এবং অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি ঘিরে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আরও জটিল হয়ে উঠেছে।

সূত্র: আনাদোলু