রোমানিয়ায় ইইউর নিষেধাজ্ঞার প্রতিবাদে কৃষক-পুলিশ সংঘর্ষ

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জীবিত ভেড়া ও ছাগল রপ্তানিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে কৃষকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারি সদর দপ্তরের সামনে শুরু হওয়া কৃষকদের বিক্ষোভ একপর্যায়ে বিশৃঙ্খল হয়ে পড়ে।

বিক্ষোভের শুরুতে ভিক্টরি স্কয়ারে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন কৃষকেরা। পরে কয়েকজন বিক্ষোভকারী সড়ক অবরোধের চেষ্টা করলে এবং জেন্ডারমেরির সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধাক্কা দেন, বিভিন্ন বস্তু ছুড়ে মারেন এবং ব্যারিকেড ভেঙে ফেলেন। পরে জেন্ডারমেরির সদস্যরা কাঁদানে গ্যাস ছোড়েন।

রোমানিয়ার ভেড়া খামারিরা এবং অন্যান্য কৃষি উৎপাদকরা এ বিক্ষোভের আয়োজন করেন। এতে কয়েক শ থেকে এক হাজারের বেশি মানুষ অংশ নেন। আয়োজকেরা বিক্ষোভস্থলে ভেড়া, ট্রাক্টর ও খড়ের গাঁট নিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। তবে কর্তৃপক্ষের বিধিনিষেধের কারণে জীবন্ত পশু ও ভারী যন্ত্রপাতি বিক্ষোভস্থলে প্রবেশ করতে পারেনি।

কৃষকেরা রোমানিয়া থেকে জীবিত ভেড়া ও ছাগল রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নজুড়ে জারি করা নিষেধাজ্ঞার প্রতিবাদ করেন। ক্ষুদ্র জাবরকাটা প্রাণীর সংক্রামক রোগ এবং ভেড়ার বসন্তের প্রাদুর্ভাবের পর এ নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে রোগের কারণে নিধন করা পশুর জন্য আরও ভালো ক্ষতিপূরণ এবং খরায় ক্ষতিগ্রস্ত ফসলের জন্য সহায়তার দাবি জানান তাঁরা।

বিক্ষোভকারীরা রোগের পরিস্থিতি মোকাবিলায় ভূমিকার জন্য রোমানিয়ার জাতীয় প্রাণিস্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা কর্তৃপক্ষের প্রধান আলেক্সান্দ্রু বোচিউয়ের পদত্যাগও দাবি করেন।

কাঁদানে গ্যাসের সংস্পর্শে এসে অন্তত তিনজন বিক্ষোভকারী চিকিৎসা নেন। ঘটনাস্থলেই তাঁদের চিকিৎসা দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ছাড়া দুজন বিক্ষোভকারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নেওয়া হয়।

বিক্ষোভের কারণে ভিক্টরি আন্ডারপাস ও কিসেলেফ বুলেভার্ডসহ আশপাশের সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সড়কগুলো আবার খুলে দেওয়া হয়।