ইউক্রেন সংকটের মূলে পশ্চিমা নীতি: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন সংকটের জন্য সরাসরি পশ্চিমা বিশ্বের আগ্রাসী ও সম্প্রসারণবাদী নীতিকে দায়ী করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, উদীয়মান বহুমেরু বিশ্বব্যবস্থা গঠনের প্রক্রিয়াকে পশ্চিমা অভিজাতরা কঠোরভাবে বাধাগ্রস্ত করতে চায়।

রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে আয়োজিত 'ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬' অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। বিশ্বব্যাপী নিজেদের একচ্ছত্র আধিপত্য ধরে রাখতেই পশ্চিমা বিশ্ব বিভিন্ন দেশে অবৈধ হস্তক্ষেপ ও সংঘাত উসকে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

ল্যাভরভের মতে, ঔপনিবেশিক আমল থেকে চলে আসা আধিপত্য হারিয়ে যাওয়ার ভয়েই পশ্চিমা শক্তিগুলো আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করছে। তারা একতরফা নিষেধাজ্ঞা, ভূরাজনৈতিক চাপ এবং অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের মতো নির্লজ্জ পথ বেছে নিয়েছে।

আন্তর্জাতিক এই যুব উৎসবে বিশ্বের ১৯১টি দেশের ১০ হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। ‘ফলো ইওর ড্রিমস’ প্রতিপাদ্যে আয়োজিত এই মহাসমাবেশে বাংলাদেশ থেকে ৭০ সদস্যের একটি প্রতিনিধিদল যোগ দিয়েছে।