মস্কোতে বড় ধরনের হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের জরুরি সতর্কতা

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোয় বড় ধরনের হামলায় প্রাণহানির আশঙ্কায় জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। শনিবার (৩১ অক্টোবর) শহরের সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণে সম্ভাব্য হামলার হুমকির কথা জানিয়ে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। এ ঘটনায় রুশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

শনিবার এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, মস্কোর দোলস্কায়া উলিৎসা এলাকার সারিৎসিনো মিউজিয়াম রিজার্ভে ওই দিনই বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে, এমন বিশ্বাসযোগ্য হুমকির তথ্য তাদের কাছে রয়েছে। এ বিষয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিবৃতিতে ওই এলাকা এড়িয়ে চলার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

পরে শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তথ্য পেয়েছে দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি। সংস্থাটি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানায়, মস্কোয় সন্ত্রাসী হামলার পরিকল্পনা সম্পর্কে মার্কিন অংশীদারদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হুমকির পর সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণ খালি করে দেওয়া হয়। ওই সময় সেখানে সংগীতশিল্পী লিলিয়া পেচেনকিনা কনসার্টে পরিবেশনা করছিলেন। সংবাদমাধ্যম অস্টোরঝনো, নভোস্তিকে তিনি বলেন, ‘অনুষ্ঠানের শেষ গানটি বাজানোর সময় মাইকে এলাকা খালি করার ঘোষণা আসে।’

জাদুঘর প্রাঙ্গণটি কারিগরি কারণে বন্ধ রাখা হয়েছে বলে নিরাপত্তাকর্মীরা ওই সংবাদমাধ্যমের এক সাংবাদিককে জানিয়েছেন।

টেলিগ্রাম চ্যানেল বাজা জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশি যানবাহন দিয়ে পুরো এলাকার চারপাশে টহল দেওয়া হচ্ছে। চ্যানেলটির সঙ্গে রুশ নিরাপত্তা সংস্থাগুলোর সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

২০২৪ সালের ২২ মার্চ মস্কোর ক্রোকাস সিটি হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার আগেও সম্ভাব্য হামলার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। ওই হামলায় ১৪৫ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়েছিলেন।

তবে সে সময় রাশিয়ার গোয়েন্দাপ্রধান সের্গেই নারিশকিন মার্কিন তথ্যকে অত্যন্ত সাধারণ বলে মন্তব্য করেছিলেন।

তিনি বলেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে এফএসবি কিছু তথ্য পেয়েছিল যে এমন ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। কিন্তু আমাদের রুশ সহকর্মীরা যেমন বলেছিলেন, তথ্যগুলো এতটাই সাধারণ ছিল যে ভয়াবহ এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি।

সূত্র : রয়টার্স ও মস্কো টাইমস

এমেএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত