জাতিসংঘে রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেলো ইরানবিরোধী প্রস্তাব

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উত্থাপিত একটি খসড়া প্রস্তাব রাশিয়া ও চীনের ভেটোতে আটকে গেছে। ইরানবিষয়ক ১৭৩৭ নিষেধাজ্ঞা কমিটির বিশেষজ্ঞ প্যানেলের কার্যক্রমের মেয়াদ বাড়ানোর জন্য প্রস্তাবটি উত্থাপন করেছিল ওয়াশিংটন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের বৈঠকে অপ্রসারণ ইস্যুতে ইরানবিষয়ক ১৭৩৭ নিষেধাজ্ঞা কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞ প্যানেলের ম্যান্ডেট আরও এক বছর বাড়ানোর খসড়া প্রস্তাব উপস্থাপন করে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্যানেলটি নিষেধাজ্ঞা বাস্তবায়নসংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং নিরাপত্তা পরিষদকে সুপারিশ দেওয়ার কাজ করে।

ভোটাভুটিতে রাশিয়া ও চীন প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। সোমালিয়া ও পাকিস্তান ভোটদানে বিরত থাকে। নিরাপত্তা পরিষদের বাকি ১১ সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দেন। তবে পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯টি ভোট পেলেও কোনো স্থায়ী সদস্য ভেটো দিলে প্রস্তাব গৃহীত হয় না। ফলে ১১টি ভোট পেয়েও যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটি অনুমোদিত হয়নি।

ইরানবিষয়ক ১৭৩৭ কমিটি ও এর বিশেষজ্ঞ প্যানেলের কার্যক্রম নিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরেই মতবিরোধ রয়েছে। রাশিয়া ও চীন এর আগে এই কমিটির কার্যক্রম পুনরায় চালুর আইনি ভিত্তি নিয়েও আপত্তি জানিয়েছে।

রুশ প্রতিনিধিরা দাবি করে আসছেন, ২০২৫ সালে নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাদের মেয়াদ শেষ হওয়ার পর ১৭৩৭ কমিটির কার্যক্রম পুনরায় চালুর ভিত্তি নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশ ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে ইরানসংক্রান্ত নিষেধাজ্ঞা ও কমিটির কার্যক্রম পুনর্বহাল হয়েছে বলে মনে করে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তথ্য অনুযায়ী, বিশেষজ্ঞ প্যানেলের বর্তমান ম্যান্ডেটের মেয়াদ সেপ্টেম্বরের শেষ দিকে শেষ হওয়ার কথা ছিল। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি