পরীক্ষায় চ্যাটজিপিটি দিয়ে নকল, রুম থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতে খ্যাতনামা প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বম্বে (আইআইটি বম্বে)-এর হোস্টেল রুম থেকে সাহিল রবীন্দ্র ওয়াকোড়ে (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে চ্যাটজিপিটির (ChatGPT) সাহায্যে উত্তর খোঁজার অভিযোগ ওঠার পর তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে জানা গেছে।

সাহিল মহারাষ্ট্রের ইয়াবাতমাল জেলার বাসিন্দা এবং আইআইটি বম্বের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিটেক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

আইআইটি বম্বে কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, পরীক্ষা চলাকালে সাহিল তার মোবাইল দিয়ে প্রশ্নপত্রের ছবি চ্যাটজিপিটিতে আপলোড করে উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন। বিষয়টি ধরা পড়ার পর বিভাগের শিক্ষক ও প্রধান তার সঙ্গে কথা বলেন এবং কাউন্সিলিং প্রদান করেন। কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করেছিল যে এই ঘটনার জন্য তার শিক্ষাজীবনে বড় কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না।

আলোচনা শেষে সাহিল পোওয়াই ক্যাম্পাসের ৪ নম্বর হোস্টেলে নিজ কক্ষে ফিরে যান। তবে শুক্রবার সন্ধ্যায় নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গত সাত মাসের মধ্যে আইআইটি বম্বে ক্যাম্পাসে এটি তৃতীয় আত্মহত্যার ঘটনা।

সাহিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। শিক্ষার্থীরা প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর নজর দেওয়ার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, অনেক সময় শিক্ষকদের কঠোর আচরণ এবং মানসিক চাপই শিক্ষার্থীদের এ ধরনের চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিসিপি দত্তাত্রেয় নালাওয়াদে জানান, ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে।

সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস