ইয়েমেনের উত্তরপশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে ইয়েমেনের সরকারি বাহিনীর হামলায় হুথি বিদ্রোহীদের এক জ্যেষ্ঠ কমান্ডারসহ সাত যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সরকারি বাহিনী। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইয়েমেনের উপ-তথ্যমন্ত্রী আব্দুলবাসিত আল-কাদেই বলেছেন, কাহবুব ফ্রন্টে হুথি কমান্ডার ফিরাক মোহসেন আল-আস্সার ও তার ছয় সহযোগী প্রাণ হারিয়েছেন।
হুথিরা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে তারা কমান্ডার ফিরাক মোহসেন আল-আস্সারের মৃত্যুতে শোক জানিয়েছে। কীভাবে আল-আস্সারের মৃত্যু হয়েছে সেটি উল্লেখ করেনি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি।
গত কয়েকদিন ধরে পাহাড়ি অঞ্চল কাহবুবে হুথি ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই হচ্ছে। এই অঞ্চল দখল করতে পারলে বাব আল-মান্দেবে আরও কঠোরভাবে নজরদারি চালাতে পারবে হুথিরা। তাই এটির নিয়ন্ত্রণ নিতে সর্বশক্তি প্রয়োগ করছে তারা। এরমধ্যে ইয়েমেনের সরকারি বাহিনীও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। হুথিরা প্রায় দুই সপ্তাহ আগে লোহিত সাগরের বন্দরনগরী মোখা দখল করে। এরপর থেকে ইয়েমেনের সরকারি বাহিনী লোহিত সাগরে তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে। কিন্তু হুথিরা সেখানে তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার চেষ্টা করছে।
ইয়েমেনে ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। ওই বছর সরকারবিরোধী বিক্ষোভ সশস্ত্র সংগ্রামে রূপ নেয়। তখন হুথিরা রাজধানী সানাসহ বিস্তৃত অঞ্চল দখল করে নেয়। আর ইয়েমেনের প্রেসিডেন্ট পালিয়ে সৌদি আরবে চলে যান। এর পরের বছর ২০১৫ সাল থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের হটিয়ে দিতে ব্যাপক বিমান হামলা শুরু করে। কিন্তু হুথিরা পিছু হটেনি। এমন অবস্থায় ২০২২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় তাদের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে সম্প্রতি এ যুদ্ধবিরতি ভেস্তে গেছে। এরপর সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে আবারও লড়াই শুরু হয়েছে।