সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গোষ্ঠী। বুধবার (৪ নভেম্বর) চালানো এ হামলায় বিমানবন্দরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
ইয়াহিয়া সারি বলেন, বিমানবন্দরটি এখন অনিরাপদ। আন্তর্জাতিক বিমান সংস্থা, উড়োজাহাজের কর্মী ও যাত্রীদের সৌদি আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তাও পুনর্ব্যক্ত করেন তিনি। তবে মক্কা ও মদিনার ওপরের আকাশসীমা এ সতর্কতার বাইরে রাখার কথা জানান হুথিদের এই মুখপাত্র।
রিয়াদ ও এর বিমানবন্দর এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার পর সৌদি আকাশসীমা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির (ইএএসএ) জারি করা নির্দেশিকাও বহাল রয়েছে।
এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সামরিক বাহিনী যুদ্ধবিমান ও ড্রোনের সহায়তায় বুধবার পূর্ব আল-জাউফ প্রদেশে অগ্রসর হয়েছে। অন্যদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আল-জাউফের পূর্বাঞ্চলে সেনা সমাবেশ লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা।
এদিকে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহর ও আশপাশের এলাকায় সংঘাত এবং যাতায়াতে বিধিনিষেধের কারণে ১৩ হাজারের বেশি অন্তঃসত্ত্বা নারী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। তাঁদের মধ্যে ১ হাজার ৫০০ জনের আগামী দুই সপ্তাহের মধ্যে সন্তান জন্ম দেওয়ার কথা রয়েছে।
সূত্র: শাফাক নিউজ
ইরানকে সহায়তার অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি