জার্মানির স্প্যাংডাহলেম বিমানঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণ মহড়া শেষে ফেরার পথে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে বিমানটির পাইলট আহত হন।
মার্কিন সামরিক সূত্রে জানা যায়, চারটির একটি বহর নিয়মিত মহড়া শেষে ঘাঁটিতে ফিরছিল। দুটি বিমান মহড়াস্থলে থাকার সময় অন্য দুটির একটি অবতরণের মুহূর্তে দুর্ঘটনায় পড়ে। এ সময় পাইলট নিরাপদে বিমান থেকে ইজেক্ট করতে সক্ষম হন।
ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কবলে পড়া পাইলটকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁর আঘাত কতটা গুরুতর, তা এখনও প্রকাশ করা হয়নি।
জার্মান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর বহরের অন্য বিমানগুলোকে নিরাপদে রামস্টেইন বিমানঘাঁটিতে পাঠিয়ে দেওয়া হয়। তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো অস্পষ্ট।
বর্তমানে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে যৌথভাবে মাঠে নেমেছে মার্কিন সামরিক বাহিনী ও জার্মান কর্তৃপক্ষ। বিমানের কারিগরি ত্রুটি বা উড্ডয়নকালীন পরিবেশগত কোনো সমস্যা ছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনাটি ঘটেছে ৫২তম ফাইটার উইংয়ের প্রধান কেন্দ্র স্প্যাংডাহলেম বিমানঘাঁটিতে। ন্যাটো জোটের বিভিন্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এ ঘাঁটিতে প্রায় ২০টি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে।
এদিকে জার্মানির এ ঘটনার কয়েক দিনের মাথায় যুক্তরাষ্ট্রের মিশিগানে টেক্সাস ন্যাশনাল গার্ডের আরেকটি এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়। সেখানেও পাইলট ইজেক্ট করে রক্ষা পেয়েছেন এবং তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।
উভয় দেশে পর পর দুটি একই মডেলের বিমান বিধ্বস্ত হলেও, মার্কিন বাহিনীর দাবি—এই দুই দুর্ঘটনার মাঝে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্র পাওয়া যায়নি।