গাজায় ইসরায়েলি হামলায় হামাসের অর্থ বিভাগের প্রধান নিহত

দক্ষিণ গাজার খান ইউনিসে বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ানকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই হামলা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বিবৃতিতে তারা জানান, ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা 'শিন বেত'-এর যৌথ নিখুঁত অভিযানে মুহাম্মদ আবু আলওয়ান নিহত হয়েছেন।

যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ও কাৎজ বলেন, আমরা হামাস কমান্ডার ও সদস্যদের চিহ্নিত করে তাদের অর্থের উৎস গুঁড়িয়ে দেওয়ার অভিযান অব্যাহত রাখব। গাজায় হামাসের অস্তিত্ব পুরোপুরি বিলীন না হওয়া পর্যন্ত এবং তারা যেন নতুন করে ঘুরে দাঁড়াতে না পারে, সে লক্ষ্যে ইসরায়েল সামরিক পদক্ষেপ চালিয়ে যাবে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজা পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত এবং হামাসের উপস্থিতির অবসান না হওয়া পর্যন্ত ইসরায়েল সেনা প্রত্যাহার করবে না। পাশাপাশি কোনো ইসরায়েলি নাগরিক বা সেনা সদস্যকে জিম্মি করার চেষ্টা করা হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এদিকে, স্থানীয় স্বাস্থ্য সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ওই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে এই হামলার বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: জেরুজালেম পোস্ট