যুক্তরাজ্যে মুসলিমবিরোধী প্রচারণার উৎস ইসরায়েল

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৬ এএম

যুক্তরাজ্যে মুসলিমবিরোধী অপপ্রচার ও প্রভাব বিস্তারের একটি বড় প্রচারণার ডিজিটাল সূত্র ইসরায়েল পর্যন্ত পৌঁছেছে বলে দাবি করেছেন দুই গবেষক। তাঁদের তদন্তে দেখা গেছে, ২০২৪ সালের সাধারণ নির্বাচন এবং ওই বছরের মুসলিমবিরোধী দাঙ্গার আগে যুক্তরাজ্যকে লক্ষ্য করে ব্যাপক অর্থ ব্যয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হয়। তবে এ অভিযানে ইসরায়েলি সরকারের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গবেষক মার্ক ওয়েন জোনস ও সোহান দাসুজা তাঁদের অনুসন্ধানের ফলাফল দ্য নার্ভে প্রকাশিত এক নিবন্ধে তুলে ধরেছেন। তাঁদের হিসাব অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে যুক্তরাজ্যকে লক্ষ্য করে প্রচারিত এসব কনটেন্ট ১৫ কোটি ৪০ লাখের বেশি বার মানুষের সামনে এসেছে।

গবেষকদের ভাষ্য, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের কয়েক মাস আগে প্রচারণার প্রথম ঢেউ শুরু হয়। একই বছরের শীত ও বসন্তে, সাউথপোর্টে তিন শিশুকন্যা হত্যার পর মুসলিমবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ার আগেও এসব বিজ্ঞাপন ব্যাপকভাবে প্রচার করা হয়।

প্রচারণার বিজ্ঞাপনগুলোতে দাবি করা হয়, কাতারের পরিকল্পনায় ব্রিটেন ‘ইসলামি দখলের’ মুখে পড়েছে। কোথাও মুসলিম অভিবাসীদের ‘আগ্রাসন’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, আবার কোথাও বলা হয়েছে, ‘কাতার ইংল্যান্ডকে ইসলামিকরণ করছে’।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতেও এসব বার্তা ছড়ানো হয়। এর মধ্যে ছিল ব্রিটিশ পার্লামেন্ট ভবনের পাশে বিশাল মসজিদের ছবি এবং বিগ বেনের সামনে কাতারের পতাকা উড়িয়ে দেওয়ার দৃশ্য।

এ ছাড়া কয়েকটি ছোট তথ্যচিত্রের সিরিজ তৈরি করা হয়। এর একটি পর্বে পশ্চিম ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ড শহরকে ‘মুসলিম অভিবাসীদের দখলে’ বলে প্রচার করা হয়।

গবেষকদের দাবি, ২০২৪ সালে মুসলিমবিরোধী বার্তা ছড়ানো ফেসবুক পেজগুলো বিজ্ঞাপন বাবদ পাঁচ লাখ পাউন্ডের বেশি ব্যয় করে। তাঁদের মূল্যায়নে, নথিভুক্ত প্রচারের পরিধি ও বিজ্ঞাপন ব্যয়ের হিসাবে এটি যুক্তরাজ্যকে লক্ষ্য করে পরিচালিত সবচেয়ে বড় গোপন প্রভাব বিস্তারমূলক অভিযান।

ফেসবুকের পাশাপাশি ইউটিউব ও টিকটকেও ২০২৫ ও ২০২৬ সালজুড়ে প্রচারণা অব্যাহত ছিল।

২০২৪ সালের জুলাইয়ে সাউথপোর্টে তিন শিশুকন্যাকে হত্যার ঘটনায় ব্রিটেনের বিভিন্ন শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। মুসলিম ও জাতিগত সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকারী অ্যাক্সেল রুদাকুবানাকে মুসলিম বলে দাবি করা হয়েছিল, যা ছিল মিথ্যা।

গবেষকদের মতে, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা মুসলিমবিরোধী উত্তেজনা বাড়াতে ভূমিকা রেখেছিল। তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর সুযোগ দেওয়ায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছিলেন।

গবেষকদের অনুসন্ধানে প্রচারণার ভিডিও সম্পাদনার কাজের সঙ্গে ইসরায়েলের একটি নির্দিষ্ট ইন্টারনেট ঠিকানার যোগসূত্র পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

টেলিগ্রামে প্রচারণার সঙ্গে যুক্ত বিভিন্ন চ্যানেল থেকে উদ্ধার করা ৭৮টি ভিডিও ফাইলের সংরক্ষিত ডিজিটাল তথ্য বা মেটাডেটা বিশ্লেষণ করে তাঁরা হিব্রু ভাষার নাম, ডাকনাম ও শব্দ খুঁজে পেয়েছেন। ফোল্ডার, ড্রাইভের লেবেল এবং ভিডিও সম্পাদনার প্রকল্পেও এসব তথ্য ছিল। পাশাপাশি ব্যবহারকারীর নাম ও ম্যাক কম্পিউটারের মডেল শনাক্তকারী তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া একটি উইন্ডোজ অ্যাকাউন্টের ফাইল রপ্তানির সময়সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা দেখতে পান, ২২ থেকে ২৭ অক্টোবরের মধ্যে সময় অঞ্চল ইউটিসি+৩ থেকে ইউটিসি+২-এ পরিবর্তিত হয়েছে। তাঁদের মতে, এটি ইসরায়েলের শীতকালীন সময় চালুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

লেবানন ও ফিলিস্তিনি ভূখণ্ডেও একই সময়ে ঘড়ির সময় পরিবর্তন করা হয়েছিল। তবে আইপি ঠিকানা, কাজের ধরন, প্রচারণার বিষয়বস্তু এবং হিব্রু ভাষার চিহ্নসহ সব তথ্য একত্রে বিবেচনা করে গবেষকেরা ইসরায়েলকে সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করেছেন।

তবে তদন্তে ইসরায়েলি সরকারের সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কয়েকজন মন্ত্রী যুক্তরাজ্যের উগ্র ডানপন্থী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন এবং দেশটিকে ঘিরে মুসলিমবিরোধী বক্তব্য দিয়েছেন।

ইসরায়েলের প্রবাসবিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি ব্রিটিশ উগ্র ডানপন্থী কর্মী টমি রবিনসনকে সমর্থন করেছেন এবং তাঁকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়েছেন। টমি রবিনসনের প্রকৃত নাম স্টিফেন ইয়াক্সলি-লেনন।

এক পডকাস্ট সাক্ষাৎকারে চিকলি বলেছিলেন, সাধারণ ইউরোপীয় বা মার্কিন নাগরিকের কাছে ইহুদিবিদ্বেষ তেমন আগ্রহের বিষয় নয়; বরং উগ্র ইসলাম তাঁদের বেশি আকৃষ্ট করে। তাই এ বিষয়টি কাজে লাগানো প্রয়োজন।

২০২৪ সালের জুনে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চিকলির মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বার্তা ছড়ানোর লক্ষ্যে একটি প্রভাব বিস্তারমূলক প্রচারণায় ২০ লাখ ডলার ব্যয় করেছিল।

২০২৬ সালের আগস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যকে ‘ব্রিটেনের ইসলামি প্রজাতন্ত্র’ বলে আখ্যা দেন। একই সঙ্গে দেশটি প্রথম পারমাণবিক অস্ত্রধারী ইসলামি প্রজাতন্ত্র হতে পারে বলেও মন্তব্য করেন। সেপ্টেম্বরে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচও ব্রিটেনকে ‘উগ্র ইসলাম কর্তৃক বিজিত দেশ’ বলে মন্তব্য করেন।

গবেষকদের অনুসন্ধানে যুক্তরাজ্যের বাইরেও ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে একই ধরনের প্রচারণার তথ্য পাওয়া গেছে। এসব প্রচারণায় মুসলিম, অভিবাসী ও কাতারবিরোধী বক্তব্য ছড়ানো হয়েছে।

তাঁদের মতে, ২০২৪ সালের জুনে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আগের কয়েক মাসে ফ্রান্সে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন কেনা হয়েছিল। আর যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ঘোষণা আসার কয়েক দিন আগে, ১৭ মে ২০২৪-এ বিজ্ঞাপন কেনা বন্ধ হয়।

গবেষকদের বিশ্লেষণে, এসব প্রচারণায় কাতারকে এমন এক গোপন শক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে, যারা মুসলিম অভিবাসনকে ব্যবহার করে ইউরোপকে ‘ইসলামিকরণ’ করতে চায়। তাঁদের মতে, এটি ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্বে জর্জ সোরোসকে যেভাবে গোপন ক্ষমতার উৎস হিসেবে উপস্থাপন করা হয়, তার অনুরূপ একটি বয়ান।

সব মিলিয়ে গবেষকদের অনুসন্ধান যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মুসলিমবিরোধী মনোভাব ছড়ানোর সংগঠিত প্রচেষ্টার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। তবে ডিজিটাল সূত্র ইসরায়েলের দিকে ইঙ্গিত করলেও এর পেছনে দেশটির সরকারের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়নি।

ওয়াইএ
আরও পড়ুন