মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে গিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
শি জিনপিং বলেন, সুন্দর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। সফরে আতিথেয়তার জন্য ট্রাম্প ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ট্রাম্প ও মার্কিন জনগণকে অভিনন্দনও জানান চীনের প্রেসিডেন্ট।
বক্তব্যে শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র, দুই দেশই মহান দেশ এবং দুই দেশের জনগণও মহান। বন্ধুত্ব অব্যাহত রাখা ও সহযোগিতা আরও বিস্তৃত করতেই তিনি যুক্তরাষ্ট্র সফরে এসেছেন।
তিনি বলেন, বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের ওপর মানব উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার ঐতিহাসিক দায়িত্ব রয়েছে।
শি জিনপিং আরও বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক একটি বিশাল জাহাজের মতো। এই সম্পর্ককে স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে তিনি ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত। সূত্র: বিবিসি