খামেনির জানাজায় বাংলাদেশের স্পিকারের উপস্থিতির জন্য পেজেশকিয়ানের কৃতজ্ঞতা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির স্মরণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ কৃতজ্ঞতা জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে পেজেশকিয়ান ইরান ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা।

বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রভাব এবং এ পরিস্থিতিতে ইরানের অবস্থান নিয়েও আলোচনা হয়।

পেজেশকিয়ান বলেন, ইরান কোনো ধরনের চাপ বা শক্তির কাছে নত হবে না। পারস্পরিক সম্মান ও গঠনমূলক সম্পর্কের ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখবে তেহরান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের সঙ্গে বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সাম্প্রতিক সংকটের সময় বাংলাদেশি নাগরিকদের সহযোগিতা করার জন্য তিনি ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান।

বৈঠকে তারেক রহমান ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং ইরানের ওপর হামলার নিন্দা জানান। একই সঙ্গে শান্তি, স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা জানান তিনি।

দুই পক্ষই ইরান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করে। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের ষষ্ঠ বৈঠক শিগগির আয়োজনের বিষয়ে একমত হন। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন