পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠক হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, বৈঠকে পাকিস্তান-ইরান সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি উপস্থিত ছিলেন।
ইরানের পক্ষে বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও উপস্থিত ছিলেন।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন দুই দেশের শীর্ষ নেতারা। অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তারা। সূত্র: ডন