ইতালির রাজধানী রোমের উত্তরে প্রাচীন এট্রুস্কান সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ নগরী 'ভুলচি'-তে ২ হাজার ৭০০ বছরের পুরোনো এক বিশালাকার অভিজাত সমাধি আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। বছরের পর বছর ধরে অনেকবার চুরির চেষ্টা হওয়া সত্ত্বেও এই সমাধিতে এখনো রয়ে গেছে বিপুল পরিমাণ প্রাচীন জিনিসপত্র। যার মধ্যে রয়েছে সোনা ও ব্রোঞ্জের পাত্র, অস্ত্রশস্ত্র, রথের অংশ, বিরল জোড়া নারীদের জুতো এবং প্রাচীন নৈশভোজের পাত্রের পুরো একটি সেট।
ইতালির 'সুপারইনটেনডেন্সি অব আর্কিওলজি' (SABAP-VT-EM) থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের গ্রীষ্মে এই প্রাচীন সমাধিক্ষেত্রটির খননকাজ চালানো হয়। 'টুম্ব অব দ্য স্টোন চেম্বার' বা পাথরের প্রকোষ্ঠের সমাধি নামে ডাকা এই আবিষ্কারটির পেছনে রয়েছে ১৯ শতকের শেষভাগের ফরাসি প্রত্নতাত্ত্বিকদের অনুসন্ধানের ইতিহাস।
১৮৮৯ সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক স্টেফান গসেল ভুলচির এই সমাধিক্ষেত্রটির গোলাকার ঘের বা টিউমুলাস চিহ্নিত করেছিলেন। তবে সময় ও অর্থ সংকটের কারণে তিনি পুরো স্থানটিতে খনন চালাতে পারেননি, ফলে আসল প্রকোষ্ঠটির খোঁজ পাননি। সম্প্রতি ‘রিটার্ন টু ভুলচি’ প্রকল্পের প্রত্নতাত্ত্বিকরা সেই 'গসেল টিউমুলাস'-এর ভেতরে ঢুকতে সক্ষম হন এবং দেখতে পান এটি তাদের ধারণার চেয়েও অনেক বেশি বড়।
ব্রিটিশ মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিক ও এই প্রকল্পের সহ-পরিচালক ক্রিশ্চিয়ান মাজেট জানান, "এটিই সেই আসল সমাধি, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।" তিনি আরও বলেন, অস্ত্র, রথের অবশিষ্টাংশ, সোনার অলংকার ও দামি সিরামিকের উপস্থিতি নিশ্চিত করে যে এটি তৎকালীন সমাজব্যবস্থার অতি উচ্চস্তরের কোনো সম্ভ্রান্ত ব্যক্তির সমাধি।
খ্রিষ্টপূর্ব সপ্তম শতকের এই সমাধিতে রয়েছে তিনটি পৃথক কক্ষ। ওপরের ছাদ ধসে পড়ায় এর নিচে অক্ষত অবস্থায় সংরক্ষিত ছিল বহু ঐতিহাসিক গহনা ও পোশাকের অংশ। পার্শ্ববর্তী কক্ষগুলোতে প্রাচীন গ্রিক দ্বীপ রোডসে তৈরি ব্রোঞ্জের ত্রিপদী এবং পূর্ণাঙ্গ একটি ভোজের পাত্রের সেট পাওয়া গেছে, যার কয়েকটি পাত্র কয়েক শতাব্দী পর আজও একদম আগের স্থানে সাজানো ছিল।
ইতালিতে খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে রোমান সভ্যতার উত্থানের পর দেশীয় এট্রুস্কান সভ্যতার পতন শুরু হয়। তাদের ব্যবহৃত ভাষা সম্পর্কে এখনো খুব কম জানা যায়, যার ফলে ভুলচির মতো ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থানগুলোই এই হারিয়ে যাওয়া রাজকীয় সভ্যতার একমাত্র ভরসা।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নতুন পাওয়া এই সমাধিসৌধটি ভুলচিতে পাওয়া এ যাবৎকালের সর্ববৃহৎ এট্রুস্কান সমাধি 'কুকুমেলা'র (২১০ ফুট ব্যাস) সমতুল্য বা তার চেয়েও বড় হতে পারে। আপাতত ঐতিহাসিক এই স্থানটিকে সুরক্ষার জন্য ঢেকে দেওয়া হয়েছে এবং ২০২৭ সালে আবার এর পরবর্তী অনুসন্ধান শুরু হবে।