চাবাহার বন্দরকে কেন্দ্র করে পরিবহন ও পণ্য পরিবহন সহযোগিতা আরও বাড়াচ্ছে ইরান ও আফগানিস্তান। বিশেষ করে চাবাহার ও বান্দার আব্বাস বন্দর ব্যবহারের মাধ্যমে দুই দেশের মধ্যে পরিবহন ও সরবরাহব্যবস্থার সহযোগিতা আরও বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছেন কাবুলে ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আলিরেজা বিকদেলি।
তিনি বলেন, আফগানিস্তান ও ইরানের মধ্যে পরিবহন ও পণ্য পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো বান্দার আব্বাস ও চাবাহার বন্দর ব্যবহার। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে এবং ইতোমধ্যে ভালো অগ্রগতি হয়েছে।
বিকদেলি জানান, চাবাহার বন্দর-সংক্রান্ত বিষয়গুলো অনুসরণ ও সমন্বয়ের জন্য আফগানিস্তান ইরানে একজন প্রতিনিধি নিয়োগ করেছে। এ বিষয়ে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরউদ্দিন আজিজি ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আতাবাকের সঙ্গে যোগাযোগও করেছেন।
এর আগে বিকদেলি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরান ও আফগানিস্তানের অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারেনি। চাবাহার বন্দর ও মিলাক সীমান্তপথসহ দুই দেশের মধ্যে পণ্য পরিবহনের পথগুলো সক্রিয় রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
আফগান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ইরান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১৬০ কোটি ডলারে পৌঁছেছে। একই সময়ে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্যের তুলনায় এই পরিমাণ প্রায় ৫০ কোটি ডলার বেশি। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি