পারমাণবিক স্থাপনার কাছে আয়োডিন ট্যাবলেট বিতরণের খবর নাকচ করলো ইরান

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণের খবর অস্বীকার করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এ ধরনের তথ্য প্রকাশের আগে যাচাই করা জরুরি। তাঁর দাবি, মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-কে এ বিষয়ে বক্তব্য দেননি।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্যকেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর এ দাবি করেন।

এর আগে দ্য টাইমস এক প্রতিবেদনে অজ্ঞাতপরিচয় ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে জানায়, সম্ভাব্য নতুন মার্কিন হামলার আশঙ্কায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর দুই থেকে তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আয়োডিন ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।

তবে কেরমানপুর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা দ্য টাইমস-এর সঙ্গে কথা বলেননি। মন্ত্রণালয়ের নামে প্রকাশিত বক্তব্যটিও মিথ্যা। তিনি আরও বলেন, শত্রুপক্ষের বিভিন্ন হুমকি ও পরিস্থিতি মোকাবিলায় ইরানের স্বাস্থ্যব্যবস্থা প্রস্তুত রয়েছে।

কেরমানপুরের ভাষ্য, যুদ্ধাবস্থা ঘোষণা করার এখতিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেই। এ ধরনের পরিস্থিতিতে যাচাই না করা তথ্য প্রকাশ করা দায়িত্বজ্ঞানহীন আচরণ।

আয়োডিন ট্যাবলেট কী কাজে লাগে?

পারমাণবিক দুর্ঘটনা বা হামলার পর তেজস্ক্রিয় আয়োডিন ছড়িয়ে পড়লে তা মানুষের থাইরয়েড গ্রন্থিতে জমা হতে পারে। পটাশিয়াম আয়োডাইড ট্যাবলেট থাইরয়েডে তেজস্ক্রিয় আয়োডিন শোষণ কমাতে সহায়তা করে। তবে এটি পারমাণবিক বিস্ফোরণ, সাধারণ বিকিরণ কিংবা অন্য ধরনের তেজস্ক্রিয় পদার্থ থেকে সুরক্ষা দেয় না।

বিশেষজ্ঞদের মতে, এসব ট্যাবলেট মূলত থাইরয়েড ক্যানসারের দীর্ঘমেয়াদি ঝুঁকি কমাতে সহায়ক। শিশু, নবজাতক এবং গর্ভবতী ও স্তন্যদানকারী নারীরা নির্দিষ্ট পরিস্থিতিতে বেশি উপকৃত হতে পারেন। তবে চিকিৎসা বা সরকারি নির্দেশনা ছাড়া এসব ট্যাবলেট সেবন করা উচিত নয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া প্রয়োজনীয় বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রসঙ্গে ট্রাম্প বলেন, তাঁর ধারণা, পরিস্থিতি শিগগিরই শেষ হতে পারে।

এর এক দিন পর প্যারিসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ কার্যকরভাবে কাজ করছে। ফলে দেশটির বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নাও হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ধাক্কার পর ইরান সংঘাত এবং জ্বালানির উচ্চমূল্য নিয়ে রাজনৈতিক চাপ বেড়েছে। রয়টার্সের বরাতে বলা হয়েছে, উপসাগরীয় কয়েকটি দেশের সরকার মনে করছে, নির্বাচনের পর ট্রাম্পের জন্য ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর প্রণোদনা বেড়েছে এবং বড় ধরনের নতুন সামরিক অভিযান তুলনামূলক কম সম্ভাব্য হয়ে উঠেছে।

তবে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস পলিসি সেন্টারের বিশ্লেষক ইবতেসাম আল-কেতবি সতর্ক করেছেন, তেহরান যদি মনে করে ট্রাম্পের সমঝোতা প্রয়োজন, তাহলে যুদ্ধ শেষ করার বাস্তব সুযোগ তৈরি হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচনী ধাক্কাকে দুর্বলতা হিসেবে দেখলে নতুন করে সামরিক উত্তেজনাও তৈরি হতে পারে।

এমএজেড
আরও পড়ুন