যুদ্ধাপরাধী ও গণ হত্যাকারীদের উপযুক্ত স্থান জাতিসঙ্ঘের মঞ্চ নয়, আদালতের কাঠগড়া বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি জোর দিয়ে বলেন, বিশ্বজুড়ে যারা গণহত্যা ও রক্তপাতের সাথে জড়িত, তাদের কঠোর জবাবদিহিতার আওতায় আনতে হবে।
শনিবার ইস্তাম্বুলে মুসিয়াড এক্সপো ট্রেড ফেয়ার ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সমাপনী অনুষ্ঠানে এরদোগান এই হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্ট জানান, গণ হত্যাকারীদের বিচার না হলে পৃথিবীতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি থামানো সম্ভব হবে না।
সংকটকালে ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, অধিকার আদায়ের লড়াইয়ে ফিলিস্তিনের মানুষ একা নয়। তুরস্ক সবসময় নিপীড়িত ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে আন্তর্জাতিক মঞ্চে সত্য কথা বলে যাবে।
জাতিসংঘে ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিশ্বনেতাদের সভাকক্ষ ত্যাগের ঘটনার প্রশংসা করেন এরদোগান। তার মতে, সাধারণ পরিষদ থেকে বের হয়ে এসে উপস্থিত নেতারা অপরাধীদের সঠিক ও যোগ্য জবাব দিয়েছেন।
বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি তুলে ধরে এরদোগান সতর্ক করেন যে, সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চল এখন এক কঠিন সংকটময় অবস্থার মুখোমুখি। একই সাথে বৈশ্বিক ব্যবস্থা তার ন্যায্যতা, সঠিক প্রতিনিধিত্ব ও বিচারে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি