ইরান ও তুরস্কের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন দুই দেশের প্রেসিডেন্ট। রাজনৈতিক যোগাযোগ জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৈঠক করেন। ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বৈঠকে দুই নেতা ইরান ও তুরস্কের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্কের কথা তুলে ধরেন। দুই দেশের বিদ্যমান সক্ষমতা কাজে লাগিয়ে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তাঁরা।
বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, অর্থনৈতিক কার্যক্রম সহজ করা, বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এবং নতুন বিনিয়োগ ও ব্যবসার সুযোগ খুঁজে বের করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন দুই প্রেসিডেন্ট। তাঁরা মনে করেন, শান্তি, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন।
বাড়তে থাকা উত্তেজনা ও নিরাপত্তাহীনতা ঠেকাতে আলোচনা, গঠনমূলক যোগাযোগ এবং যৌথ উদ্যোগের ওপর জোর দেন তাঁরা। অভিন্ন সংকট মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর সম্মিলিত দায়িত্বের কথাও তুলে ধরেন পেজেশকিয়ান ও এরদোয়ান।
‘ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’
যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের’ অভিযোগ ভিত্তিহীন প্রোপাগান্ডা: ইসমাইল বাঘাই