মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফাতিমা এল মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। ২৩ সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনে তার দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি সবচেয়ে বেশি আসন পাওয়ার পর তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।
রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজা ষষ্ঠ মোহাম্মদ এল মানসুরিকে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। সংবিধান অনুযায়ী, প্রতিনিধি পরিষদে সবচেয়ে বেশি আসন পাওয়া দলের প্রধানকেই সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেন রাজা।
২০০৮ সালে রাজার এক উপদেষ্টার উদ্যোগে গঠিত হয় অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি। দলটি সামাজিক আধুনিকায়ন ও ধর্মনিরপেক্ষতার দিকে ঝুঁকে থাকা নীতির পক্ষে অবস্থান নিয়ে ইসলামপন্থি জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির পাল্টা রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
মরক্কো সাংবিধানিক রাজতন্ত্র হলেও পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে রাজার ব্যাপক ক্ষমতা রয়েছে। এবারের নির্বাচনে আগের জোট সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক দলটি সবচেয়ে বেশি আসন পেয়ে সরকার গঠনের সুযোগ পেয়েছে।
অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি পেয়েছে ৯৭টি আসন। এরপর বিদায়ী জোট সরকারের শরিক উদারপন্থি ন্যাশনাল র্যালি অব ইন্ডিপেনডেন্টস পেয়েছে ৬৬টি এবং রক্ষণশীল জাতীয়তাবাদী ইস্তিকলাল পেয়েছে ৬৫টি আসন।
নির্বাচনের কয়েক সপ্তাহ আগে মরক্কোর ফুটবল ফেডারেশনের প্রধান এবং দুইবার সরকারের বাজেট ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা ফৌজি লেকজা দলে যোগ দেওয়ায় দলটির নির্বাচনী অবস্থান আরও শক্তিশালী হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পেশায় আইনজীবী এল মানসুরি বিদায়ী সরকারের আবাসনমন্ত্রী ছিলেন। একই সঙ্গে তিনি মারাকেশের মেয়রের দায়িত্বও পালন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বড় দায়িত্ব হবে জোট সরকার গঠনের জন্য বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করা এবং মন্ত্রিসভার সদস্যদের তালিকা রাজার অনুমোদনের জন্য উপস্থাপন করা।
নতুন সরকার ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির শেষ পর্যায়ের দায়িত্বও নেবে। মরক্কো, পর্তুগাল ও স্পেন যৌথভাবে ওই বিশ্বকাপ আয়োজন করবে। এ আয়োজনকে সামনে রেখে অবকাঠামোসহ বিভিন্ন খাতে প্রায় ২০ বিলিয়ন ডলারের প্রস্তুতি কর্মসূচি চলছে।
এর পাশাপাশি তরুণদের মধ্যে ব্যাপক অসন্তোষ মোকাবিলায় অর্থনৈতিক নীতি বাস্তবায়নও নতুন সরকারের অন্যতম বড় দায়িত্ব হবে। গত জুলাইয়ে স্পেনের নিয়ন্ত্রিত সেউতা সীমান্তে ব্যাপক মানুষের ঢল এবং এর আগে তরুণদের নেতৃত্বে হওয়া প্রাণঘাতী বিক্ষোভের মতো ঘটনাগুলোতে তরুণদের অসন্তোষের বিষয়টি সামনে এসেছে।
নির্বাচনী প্রচারের সময় অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি ন্যাশনাল র্যালি অব ইন্ডিপেনডেন্টসের সঙ্গে জোটে থাকার সম্ভাবনা নাকচ করেছিল। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে ব্যর্থতাসহ বিভিন্ন নীতিগত ঘাটতির জন্য দুই দল পরস্পরকে দায়ী করেছিল। তবে প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার পর এল মানসুরি জানান, সরকার গঠনের আলোচনায় কোনো পক্ষের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তার কোনো নির্দিষ্ট সীমারেখা থাকবে না।
এদিকে ৫৪টি আসন পাওয়া জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী আবদেলিলাহ বেনকিরান জানিয়েছেন, তার দল বিরোধী দলে থাকবে। নির্বাচনে কয়েকটি বামপন্থি দলও কমসংখ্যক আসন পেয়েছে।
এবারের নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৩৮ শতাংশ, যা পাঁচ বছর আগের নির্বাচনের প্রায় ৫০ শতাংশ ভোটারের উপস্থিতির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থার সূচক হিসেবে ভোটার উপস্থিতিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছিল।
এর আগে রাজা ষষ্ঠ মোহাম্মদ নারী উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এবং মরক্কোর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পদেও নারীরা দায়িত্ব পালন করেছেন। বিদায়ী সরকারে চারজন নারী মন্ত্রী ছিলেন। তবে এল মানসুরির নিয়োগের মধ্য দিয়ে দেশটি প্রথমবারের মতো একজন নারীকে সরকারপ্রধান হিসেবে পেল। সূত্র: সিএনএন