‘প্রধানমন্ত্রী ফোনে আড়িপাতেন না’

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

মোদি সরাসরি ফোনে আড়িপাতেন না বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। তবে নিজের ফোনে আড়িপাতা ও ল্যাপটপে সাইবার হামলার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর ফোনে আড়িপাতার অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যে ভিন্ন অবস্থান জানালেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নিজে এ ধরনের কাজ করেন বলে তিনি বিশ্বাস করেন না।

এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পিত্রোদা বলেন, ‘প্রধানমন্ত্রী এমনটা করেন না। প্রধানমন্ত্রী হাতে স্ক্রু-ড্রাইভার নিয়ে কম্পিউটারে কাজ করতে বসেন না।’

সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে উৎসবের শুভেচ্ছা বিনিময়ে পিত্রোদার উষ্ণ বার্তালাপ নিয়েও আলোচনা চলছে। এর মধ্যেই রাহুল গান্ধীর অভিযোগ থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে প্রধানমন্ত্রীর বিষয়ে এ মন্তব্য করলেন তিনি।

তবে নিজের ফোন ও ডিজিটাল ডিভাইসের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন পিত্রোদা। তাঁর দাবি, তাঁর ফোনে আড়িপাতা হচ্ছে, ল্যাপটপে সাইবার হামলা চালানো হয়েছে এবং ব্যাংক হিসাবের ওপর নজরদারি করা হচ্ছে।

পিত্রোদা বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছেন তিনি। তাঁরা তাঁর ডিভাইস পরীক্ষা করে ফোনে আড়িপাতার বিষয়ে সতর্ক করেছেন বলে দাবি করেন তিনি। তবে কারা এসব করছে, সে বিষয়ে কারও নাম উল্লেখ করেননি।

তিনি বলেন, ‘কেউ একজন এসব করছে। কে করছে, তা আমি জানি না, জানতেও চাই না। আমি বিষয়টি নিয়েই বেঁচে আছি। এতে আমার কোনো সমস্যা নেই।’

পিত্রোদার ভাষায়, ‘চারপাশে খারাপ মানুষ আছে। আপনি আর কী করতে পারেন?’

এমএজেড
আরও পড়ুন