দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে ঘটা রোমহর্ষক ঘটনার টাইমলাইন সামনে এসেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইট এফজেড১০৭৩ (FZ1073)-এ ঘটা এই জরুরি পরিস্থিতির পেছনের পুরো ঘটনাটি ক্রমানুসারে নিচে তুলে ধরা হলো:
প্রেক্ষাপট ও নিরাপত্তা সতর্কতা (২৯ সেপ্টেম্বর)
২৯ সেপ্টেম্বর: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে জানান, আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের আগে ইসরায়েলের শত্রুরা বড় ধরনের হামলার চেষ্টা চালাতে পারে বলে তাদের কাছে তথ্য রয়েছে।
রাত ৮:৩০ জিএমটি: নেতানিয়াহুর এই বক্তব্যের পর বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদকে একটি নিরাপত্তা ব্রিফিং দেওয়া হয়। বৈঠক শেষে লাপিদ জানান, সাধারণ মানুষের মনে অহেতুক আতঙ্ক সৃষ্টি করার কোনো কারণ নেই এবং নিরাপত্তা ঝুঁকিগুলো পেশাদারিত্বের সঙ্গে সামলানো উচিত।
ঘটনার দিন ৩০ সেপ্টেম্বর
ভোর ৩:০৫ জিএমটি: ফ্লাইলারার২৪-এর (Flightradar24) তথ্য অনুযায়ী, ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে রওনা দেয় এবং ৩৪ হাজার ফুট উঁচুতে ওঠে।
সকাল ৫:২১ জিএমটি: ফ্লাইট ট্র্যাকিং ডেটায় দেখা যায়, বিমানটি হঠাৎ করেই তীব্র গতিতে নিচে নামতে শুরু করে; যার পরপরই এটি আবার আকাশে ওপরে ওঠার চেষ্টা করে এবং দ্বিতীয় দফায় খাড়াভাবে নিচে নামতে থাকে। সকাল ৫:৩৩ মিনিটে বিমানটি প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় নেমে আসে।
সকাল ৫:২৮ জিএমটি: সৌদি আরব ও জর্ডান সীমান্তের কাছে আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাধারণ জরুরি অবস্থার কোড ‘৭৭০০’ (7700) সংকেত পাঠাতে শুরু করে।
সকাল ৫:৩৫ জিএমটি: বিমানের ট্রান্সপন্ডার কোড পরিবর্তন করে ‘৭৫০০’ (7500) করা হয়, যা বিমান ছিনতাই বা বেআইনি হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। এরপর বিমানটি পশ্চিম দিকে ঘুরে সামান্য জর্ডানের আকাশসীমায় প্রবেশ করে এবং আবার সৌদি আরবের দিকে ফিরে আসে।
সকাল ৫:৪৪ জিএমটি: সৌদি আরবের তাবুক শহরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের কাছে জরুরি অবতরণের জন্য সাহায্যের অনুরোধ জানিয়ে বার্তা পাঠায় এফজেড১০৭৩ ফ্লাইটটি। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় তখন সকাল ৮:৪৪ মিনিট। তাবুকের দিকে এগিয়ে যাওয়ার সময় বিমানের ট্রান্সপন্ডার কোড আবার পাল্টে সাধারণ জরুরি অবস্থা বা ‘৭৭০০’-তে ফিরে আসে।
সকাল ৬:৪৫ জিএমটি: স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি সৌদির তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদ অবতরণ করে।
সকাল ৬:৫৮ জিএমটি: ফ্লাইটরাডার২৪ তাবুক বিমানবন্দরে বিমানটির শেষ ট্র্যাকিং সিগন্যাল গ্রহণ করে।
পরবর্তী প্রতিক্রিয়া ও উদ্ধার অভিযান
ঘটনার পর ফ্লাইদুবাই কর্তৃপক্ষ জানায় যে ফ্লাইটে একটি ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ ঘটেছে এবং যাত্রীরা সবাই নিরাপদে আছেন। তবে এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পরবর্তীতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও বার্তায় দাবি করেন, কো-পাইলট প্রধান পাইলটকে ছুরিকাঘাত করে বিমানটি ক্র্যাশ করানোর চেষ্টা করেছিলেন। তবে যাত্রী ও ক্রুরা মিলে তাকে প্রতিহত করেন। ইসরায়েলি এক কর্মকর্তার দাবি অনুযায়ী অভিযুক্ত কো-পাইলট ওমানের নাগরিক, যদিও এর কোনো স্বাধীন সত্যতা পাওয়া যায়নি।
ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যৌথ তদন্ত করা হবে।
অন্যদিকে, নেতানিয়াহুর নিরাপত্তা ব্রিফিংয়ের সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র নেই বলে স্পষ্ট জানিয়ে দেন বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ। তিনি অভিযোগ করেন, সরকারি দলের সঙ্গে জড়িতরা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই ঘটনাকে ব্যবহার করার চেষ্টা করছে।
সবশেষ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ফুটেজে দেখা যায়, উদ্ধারকৃত যাত্রীদের নিয়ে ফ্লাইদুবাইয়ের একটি বিশেষ উদ্ধারকারী ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩:৩৪ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে এসে পৌঁছায়।