ফ্রান্সকে ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ ফাঁদ’ নিয়ে সতর্ক করল আইআরজিসি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম

ইরানের বিরুদ্ধে ইউরোপকে যুদ্ধে জড়াতে ইসরায়েল ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো ঘটনার ফাঁদ পাতছে—এমন অভিযোগ তুলে ফ্রান্সকে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির দাবি, ইরানের ওপর দায় চাপিয়ে ইউরোপীয় দেশগুলোকে তেহরানের বিরুদ্ধে একজোট করার চেষ্টা চলছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি। ফ্রান্সের বিভিন্ন সুপারমার্কেটের রেফ্রিজারেটর ও শীতলীকরণ ব্যবস্থায় সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করার পর তিনি এ মন্তব্য করেন।

মোহেবি বলেন, ‘ইসরায়েলি শাসকগোষ্ঠীর পাতা ফলস ফ্ল্যাগ ফাঁদে পা দেওয়া থেকে প্যারিসের সতর্ক থাকা উচিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো নয়, বেসামরিক নাগরিকেরা আইআরজিসির লক্ষ্যবস্তুর তালিকায় নেই।’

তিনি আরও বলেন, ইরান শীতলীকরণ ব্যবস্থায় হামলা চালিয়েছে—এমন অভিযোগ হাস্যকর। তাঁর দাবি, ইউরোপজুড়ে ইরানবিরোধী মনোভাব উসকে দেওয়া এবং তেহরানের বিরুদ্ধে সমর্থন আদায়ের জন্য ইসরায়েল পুরোনো কৌশল ব্যবহার করছে।

গত অক্টোবরে ফ্রান্সের প্রায় ৭০০টি সুপারমার্কেটে সাইবার হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা দূর থেকে সুপারমার্কেটের ফ্রিজার ও শীতলীকরণ যন্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে ডিফ্রস্ট ব্যবস্থা চালু করে তাপমাত্রা বাড়িয়ে দেয়। এতে বিপুল পরিমাণ পচনশীল খাদ্য নষ্ট হয়। কিছু শীতলীকরণ যন্ত্রে আগুন লাগার ঘটনাও ঘটে।

সোমবার প্যারিসে জি-৭ সম্মেলনের এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ হামলার জন্য আইআরজিসিকে দায়ী করেন। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে জানিয়ে তিনি ইউরোপীয় পর্যায়ে পাল্টা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার কথাও বলেন।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সের অভিযোগকে ‘ভিত্তিহীন ও একপেশে’ বলে প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, পশ্চিম এশিয়ায় ফ্রান্সের নীতির কারণে সৃষ্ট পরিস্থিতি থেকে জনমতের দৃষ্টি সরাতেই এসব অভিযোগ তোলা হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করেছে, নিজেদের প্রশাসনিক ও প্রযুক্তিগত দুর্বলতা আড়াল করতেই ফ্রান্স বিদেশি পক্ষের ওপর দায় চাপাচ্ছে।

ফ্রান্সের ঘটনার পর ইউরোপের আরও কয়েকটি দেশের সুপারমার্কেটেও একই ধরনের সাইবার হামলার খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত