ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে কো-পাইলটের আত্মঘাতী হামলা প্রতিহত করার ঘটনাটি নাইন-ইলেভেনের (9/11) মতো কোনো বড় বিমান বিপর্যয় ঘটার হাত থেকে বিশ্বকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের এই প্রভাবশালী সংবাদমাধ্যমকে নেতানিয়াহু বলেন, "হামলাকারী পাইলটের সুনির্দিষ্ট উদ্দেশ্য ও পেছনের পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হয়, ঠিক এমন ঘটনাই ঘটানোর চেষ্টা করা হয়েছিল।"
যদিও কো-পাইলটের আসল উদ্দেশ্য বিমানটি কোনো ভবনে আঘাত করা ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেননি তিনি।
এর আগে ককপিটে প্রবেশ করে হামলা প্রতিহতকারী এক ইসরায়েলি যাত্রী নেতানিয়াহুকে জানান যে, সেই সময় সৌদি আরবের আকাশসীমায় থাকা বিমানটির নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস করে সেটি অকেজো করার চেষ্টা চালাচ্ছিল ওই কো-পাইলট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের ফোনালাপের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, সাহসিকতার এই অভাবনীয় ঘটনাটি কেবল ইসরায়েলের জন্যই নয়, বরং বিশ্ব বিমান চলাচলের জন্য একটি বড় বিপর্যয় ডেকে আনার হাত থেকে রক্ষা করেছে—সে বিষয়ে তিনি ট্রাম্পকে অবহিত করেছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও যোগ করেন, "অন্যান্য মর্মান্তিক হামলাগুলোর সঙ্গে এই ঘটনার মূল পার্থক্য হলো—এ যাত্রায় ভালো মানুষেরাই জয়ী হয়েছে।" এছাড়া এই হামলার বিষয়ে তাদের কাছে আগে থেকেই কোনো গোয়েন্দা তথ্য বা সতর্কতা ছিল না বলেও জানান তিনি।
সূত্র: টাইমস অব ইসরায়েল