আরাঘচিকে নিউইয়র্ক ছাড়ার নির্দেশ দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও তাঁর প্রতিনিধিদলকে নির্ধারিত সময়ের আগেই নিউইয়র্ক ছাড়ার নির্দেশ দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও—এমন দাবি করেছেন দুই মার্কিন কর্মকর্তা। তবে ইরানের জাতিসংঘ মিশন এ দাবি অস্বীকার করেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ওই দুই মার্কিন কর্মকর্তা জানান, রুবিও সোমবার (২৮ সেপ্টেম্বর) আরাঘচি ও তাঁর প্রতিনিধিদলকে দ্রুত নিউইয়র্ক ছাড়ার নির্দেশ দেন। এর পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে তারা নিউইয়র্ক ত্যাগ করেন।

তবে ইরানের জাতিসংঘ মিশনের দাবি, আরাঘচির নিউইয়র্ক ছাড়ার সময় আগে থেকেই নির্ধারিত ছিল এবং বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরকে জানানো হয়েছিল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে ইরানি মিশন জানায়, ১৭ সেপ্টেম্বরই মার্কিন পররাষ্ট্র দপ্তরকে সফরের সময়সূচি জানানো হয়েছিল এবং সেই সূচি অনুযায়ী সোমবার সন্ধ্যায় ইরানি প্রতিনিধিদল নিউইয়র্ক ছাড়ে।

ইরানি মিশন আরও অভিযোগ করে, কোনো অগ্রগতি অর্জন করতে না পেরে মার্কিন পররাষ্ট্র দপ্তর এখন ‘ভিত্তিহীন’ খবর ছড়াচ্ছে।

এপি জানিয়েছে, সপ্তাহান্তে ইরান ও কাতারের মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে খুব বেশি অগ্রগতি না হওয়ার পর রুবিও আরাঘচি ও তাঁর প্রতিনিধিদলকে নিউইয়র্ক ছাড়ার নির্দেশ দেন বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।

আরাঘচি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে ছিলেন। কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, তাঁর বুধবার পর্যন্ত নিউইয়র্কে থাকার পরিকল্পনা ছিল। তবে দুই মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, সোমবার রুবিও ইরানি প্রতিনিধিদলকে অবিলম্বে নিউইয়র্ক ছাড়ার নির্দেশ দেন।