ফ্লাইদুবাইয়ের ঘটনা নিয়ে মোদিকে যা বললেন ভারতীয় সেই পাইলট

সহকর্মীর হামলার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও বিমানের অন্য যাত্রীদের বাঁচানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলট। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে এই রোমহর্ষক ঘটনার বিবরণ দেন তিনি।

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমান গত বুধবার আকাশে থাকা অবস্থায় যাত্রাপথে আকস্মিক ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। ককপিটে কো-পাইলটের হামলার মুখে পড়ার পরও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন ক্রু ও যাত্রীরা।

আহত হওয়ার পরও ককপিটের দরজা খোলার সেই মুহূর্তটি স্মরণ করে পাইলট স্মিত মাছড় বলেন, "আমি আঘাত পেয়ে মেঝেতে পড়ে গিয়েছিলাম। কিন্তু নিজেকে বলেছিলাম, ভেতর থেকে দরজা খোলার জন্য আমাকে শেষবারের মতো চেষ্টা করতে হবে। অন্যদেরও এতে ভূমিকা ছিল। আমি অবশ্যই নিজের জীবনের জন্য লড়াই করছিলাম, কিন্তু একই সঙ্গে জানতাম যে অন্য কাউকে মরতে দেব না।"

১৭ বছরের দীর্ঘ পাইলট জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, "চোখ বন্ধ থাকলেও আমি বুঝতে পারি বিমানে ঠিক কী ঘটছে।"

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই ভারতীয় পাইলটকে ‘প্রকৃত হিরো’ হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার এই সাহসিকতা, ধৈর্য এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রশংসা করে জানিয়েছেন যে গোটা দেশ তার জন্য গর্বিত।

সংযুক্ত আরব আমিরাতের ভারতীয় দূতাবাস জানিয়েছে, বর্তমানে সুস্থ হয়ে উঠছেন এবং ভালো আছেন ক্যাপ্টেন স্মিত মাছড়। আহত হওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন, "আমি এই আঘাতকে ক্ষত হিসেবে দেখছি না, বরং এটি সুস্থ হয়ে ওঠার একটি যাত্রাপথ।"