৫ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকায় আশ্রয় আবেদন শুরু

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম বা আশ্রয়ের আবেদন করার সুযোগ আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। আগামী ৫ অক্টোবর থেকে নির্ধারিত রিফিউজি রিসেপশন অফিসে গিয়ে নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালকের স্বাক্ষরিত একটি বিশেষ বিজ্ঞপ্তি ইতোমধ্যে দেশের সব রিসেপশন অফিসের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। অভিবাসী নিয়ে কাজ করা সংস্থা 'রিফিউজি সোশ্যাল সার্ভিসেস' এই তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ আফ্রিকায় বর্তমানে মুসিনা, ডেসমন্ড টুটু, ডারবান, পোর্ট এলিজাবেথ ও কেপটাউন—এই পাঁচটি অফিস চালু রয়েছে। এসব কেন্দ্রে আবেদন গ্রহণসহ ছবি ও আঙুলের ছাপের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আদালতের নির্দেশনা অনুযায়ী, যাদের প্রথম এসাইলাম আবেদন একবার নিষ্পত্তি হয়েছে, তারা দ্বিতীয়বার নতুন আবেদন করার সুযোগ পাবেন না। তাই নতুন এই সুযোগটি কেবল প্রথমবার আবেদনকারীদের জন্যই প্রযোজ্য হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দালাল বা মধ্যস্বত্বভোগীদের থেকে দূরে থেকে সরাসরি সরকারি প্রক্রিয়ায় আবেদন করার জোরালো পরামর্শ দিয়েছে। যেকোনো প্রতারণা এড়াতে নিজ দায়িত্বে অফিশিয়াল নিয়মে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।