ক্যাম্প ডেভিডে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক

ইরান যুদ্ধ ও ইয়েমেনে হুথিদের সঙ্গে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের এই দুই গুরুত্বপূর্ণ ফ্রন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ক্যাম্প ডেভিডে কয়েক ঘণ্টার গোপন বৈঠক করেছেন। শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠকের কথা আগে থেকে প্রকাশ্যে জানানো হয়নি। তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

বৈঠকে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন অংশ নেন। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ এবং ইয়েমেনে সৌদি আরব ও হুথিদের মধ্যকার সংঘাতের পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়।

এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বৈঠকে ‘কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে অথবা অন্তত গভীরভাবে আলোচনা হয়েছে’। তবে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বৈঠকের সময়টিও বিশেষ তাৎপর্যপূর্ণ। একদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগের চেষ্টা চললেও আলোচনায় অগ্রগতি সীমিত। অন্যদিকে, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সৌদি আরব বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

অ্যাক্সিওসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক উদ্যোগ বারবার অচলাবস্থায় পড়ছে। দুই পক্ষই প্রকাশ্যে কূটনীতির কথা বললেও আলোচনার লক্ষ্য, সময়সীমা এবং পারস্পরিক আস্থার ঘাটতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এ পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের সামনে মূলত দুটি সমান্তরাল প্রশ্ন রয়েছে ইরানের সঙ্গে চলমান সংঘাত কীভাবে সামলানো হবে এবং ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সম্ভাব্য সামরিক অভিযানকে যুক্তরাষ্ট্র কতটা সমর্থন করবে।