জেনসেন হুয়াংকে ফেরাতে ট্রাম্প-মাস্কের সমর্থন, রাজি নয় এনভিডিয়া

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম

এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে আবারও কোম্পানির নেতৃত্বে ফিরিয়ে আনার দাবি উঠেছে। এ উদ্যোগে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের কয়েকজন শীর্ষ ব্যক্তি। তবে হুয়াংকে পুনরায় নিয়োগ দেওয়ার বিষয়ে আগ্রহী নয় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

সোমবার (১৬ নভেম্বর) ট্রাম্প বলেন, হুয়াংকে তাঁর পদে ফিরিয়ে আনা হলে তিনি আপত্তি করবেন না। ‘ব্রিং জেনসেন ব্যাক’ নামে একটি প্রচারণার প্রতি সমর্থন জানিয়ে তিনি এ মন্তব্য করেন। তবে বিবিসিকে জানানো হয়েছে, হুয়াংয়ের বিরুদ্ধে ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত অভিযোগ প্রকাশের পর গত সপ্তাহে তাঁর পদত্যাগের ঘটনায় কোম্পানির পরিচালনা পর্ষদ তাঁকে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে না।

হুয়াংয়ের পদত্যাগের পর তাঁকে পুনর্বহালের দাবিতে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের মধ্যে ইলন মাস্ক এবং ফোর্টনাইট নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমসের প্রধান নির্বাহী টিম সুইনিও তাঁর ফিরে আসার পক্ষে অবস্থান নিয়েছেন।

‘স্ট্যান্ড উইথ জেনসেন’ নামে আরেকটি প্রচারণার আয়োজকেরা দাবি করেছেন, এনভিডিয়ার বর্তমান ও সাবেক কর্মী, অংশীদার, শেয়ারহোল্ডার এবং সমর্থকেরা এতে যুক্ত হয়েছেন। তাঁদের বক্তব্য, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই কোম্পানির সহপ্রতিষ্ঠাতাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার পদত্যাগ করেন হুয়াং। এর আগে তাঁর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হয়। এর মধ্যে একটি সম্পর্কের সঙ্গে চীনের সন্দেহভাজন এক গুপ্তচরের সংশ্লিষ্টতার অভিযোগও সামনে আসে। পরে এনভিডিয়ার এক নির্বাহীর সঙ্গে তাঁর আরেকটি সম্পর্কের খবর প্রকাশিত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ওই নির্বাহী হুয়াংয়ের অধীনেই কাজ করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ায় ফিরে আসার সম্ভাবনা নিয়ে ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করছিলেন হুয়াং। তবে কোম্পানির পরিচালনা পর্ষদ তাঁকে পুনরায় নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে না। এ বিষয়ে হুয়াংয়ের প্রতিনিধির কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তিনি সাড়া দেননি।

হুয়াংকে ফিরিয়ে আনার প্রচারণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা হোয়াইট হাউসের সমর্থনও পেতে চাইছেন। কেলেঙ্কারির খবর প্রকাশের পর ট্রাম্প একাধিকবার হুয়াংয়ের প্রশংসা করেছেন। এমনকি হুয়াং তাঁকে বলেছিলেন, ওই নারী যে গুপ্তচর ছিলেন, তা তিনি জানতেন না—এ বক্তব্যও ট্রাম্প বিশ্বাস করেন বলে জানিয়েছেন।

তবে এ বিষয়ে ট্রাম্পের অবস্থানের সঙ্গে একমত নন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি এনভিডিয়ার পরবর্তী প্রধান নির্বাহী কোম্পানির বাইরে থেকে নিয়োগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

হুয়াংকে ঘিরে বিতর্কের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অর্থ ও বাণিজ্য বিভাগের মধ্যকার সম্পর্কেও। এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন চিপ সরবরাহ নিয়ে দুই বিভাগের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। বিশেষ করে হুয়াংয়ের সাবেক সহযোগী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের কাছে চিপ সরবরাহ নিয়ে প্রশ্ন উঠেছে। অ্যালিস হুয়াং চীনের গুপ্তচর—এমন অভিযোগ অস্বীকার করেছে বেইজিং।

যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসব চিপ শেষ পর্যন্ত চীনে পৌঁছেছে কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

চীনে চিপ রপ্তানিতে নতুন বিধিনিষেধ

এদিকে সোমবার ট্রাম্প প্রশাসন বিদেশের ডেটা সেন্টারে চিপ রপ্তানির ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছে। অভিযোগ রয়েছে, এসব ডেটা সেন্টারের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল তৈরির জন্য উন্নত চিপ ব্যবহারের সুযোগ পাচ্ছে।

চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। এ বৈঠকের আগে নতুন বিধিনিষেধের ঘোষণা দেওয়া হলো। এআই প্রযুক্তির উন্নয়নে নেতৃত্ব প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চলছে।

নতুন অন্তর্বর্তী নিয়ম অনুযায়ী, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রাজিলের কোম্পানিগুলোকে সবচেয়ে উন্নত চিপ আমদানির জন্য রপ্তানি লাইসেন্স নিতে হবে। এসব দেশের মাধ্যমে চীনে অবৈধভাবে চিপ সরবরাহ ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানিয়েছে, তৃতীয় কোনো দেশের ডেটা সেন্টারের মাধ্যমে দূরবর্তী কম্পিউটিং সুবিধা ব্যবহার করে সংবেদনশীল মার্কিন প্রযুক্তির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার সুযোগ বন্ধ করাই নতুন নিয়মের উদ্দেশ্য।

চীনে চিপ রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিলের পক্ষে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়ে আসছেন হুয়াং। তাঁর যুক্তি, বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ।

২০২৫ সালে হুয়াং বলেছিলেন, চীনে এআই চিপের বাজার একসময় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছাবে। বাজারটির বিশাল আকার বোঝাতে তিনি বলেছিলেন, এটি একটি উড়োজাহাজ নয়, বরং পুরো বোয়িং কোম্পানির সমান।

ওয়াশিংটনে হুয়াংয়ের ধারাবাহিক তদবিরের পর ২০২৫ সালে চীনে নির্দিষ্ট কিছু উন্নত এআই চিপ বিক্রির অনুমোদন পেয়েছিল এনভিডিয়া। তবে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের খবর প্রকাশের পর বিদেশে কোম্পানির ব্যবসায়িক চুক্তি নিয়ে নজরদারি আরও বেড়েছে।

সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক পরিচালক ছিলেন অ্যালিস হুয়াং। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই বাণিজ্যিক কেন্দ্রটি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ ব্যবসায়িক গন্তব্য। অ্যানথ্রপিক, ওপেনএআই ও গুগলের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি টিকটকের মালিক বাইটড্যান্স এবং টেনসেন্টের মতো চীনা প্রতিষ্ঠানও সেখানে কার্যক্রম পরিচালনা করছে।

তবে সিঙ্গাপুরের ব্যবসাবান্ধব পরিবেশ উন্নত সেমিকন্ডাক্টর চিপের অর্ডার দেওয়ার কেন্দ্র হিসেবেও দেশটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। গত বছর এনভিডিয়ার বৈশ্বিক আয়ের হিসাবে সিঙ্গাপুর ছিল দ্বিতীয় বৃহত্তম বিলিং কেন্দ্র। কোম্পানির মোট আয়ের প্রায় এক-পঞ্চমাংশের হিসাব এই দেশ থেকে এসেছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ওই আয়ের মাত্র ২ শতাংশ চিপ বাস্তবে সিঙ্গাপুরে প্রবেশ করেছিল। এশিয়ার বিভিন্ন কোম্পানি দেশটিকে চিপের অর্ডার দেওয়া এবং পরে অন্য দেশে পাঠানোর কেন্দ্র হিসেবে ব্যবহার করে।

সিঙ্গাপুর থেকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে উন্নত এআই চিপ পাঠানো দেশটির আইনে সরাসরি নিষিদ্ধ না হলেও এ ধরনের লেনদেন যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণবিধি লঙ্ঘন করতে পারে।

এআই মডেল তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নত সেমিকন্ডাক্টর চিপ এখন যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতার অন্যতম কেন্দ্রবিন্দু। মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে বিবেচনা করে আসছেন। তাঁদের আশঙ্কা, সবচেয়ে উন্নত চিপ চীনের কাছে সরবরাহ করা হলে দেশটির অর্থনীতি ও সামরিক সক্ষমতা আরও শক্তিশালী হতে পারে।

হুয়াং কংগ্রেসে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন। চীনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বিশেষ কমিটির সামনেও তাঁকে হাজির হতে হতে পারে। তাঁর ব্যক্তিগত সম্পর্কের ঘটনায় মার্কিন জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে কি না, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

তবে ট্রাম্প মনে করেন, হুয়াং জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি করেননি। এ বিষয়ে তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা কৌশল অবলম্বন করে, যুক্তরাষ্ট্রও চীনের সঙ্গে একইভাবে আচরণ করে।

ট্রাম্পের দাবি, হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের মধ্যকার সম্পর্কের বিষয়টি এফবিআইও তদন্ত করছে।

হুয়াংকে ফেরানোর পক্ষে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা

হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার প্রযুক্তি ব্যবহার করে হওয়া গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, এনভিডিয়ার সরবরাহব্যবস্থা দক্ষতার সঙ্গে পরিচালনা করতেন হুয়াং। তবে অনেক গুরুত্বপূর্ণ চুক্তিই লিখিত চুক্তির চেয়ে তাঁর সঙ্গে ব্যক্তিগত আস্থার ভিত্তিতে হয়েছিল। ফলে হুয়াং না থাকলে এসব চুক্তির কিছু হারিয়ে যেতে পারে।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও হুয়াংয়ের ফিরে আসার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। এক সম্মেলনে তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ প্রশ্নের উত্তর দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য তাঁর কাছে নেই। তবে হুয়াংকে নিজের একজন আদর্শ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

২০২৩ সালে নিজেই পদ থেকে অপসারিত হওয়ার পর আবার ওপেনএআইয়ের প্রধান নির্বাহী হিসেবে ফিরে এসেছিলেন অল্টম্যান।

এনভিডিয়ার শেয়ারহোল্ডারদের একাংশও হুয়াংকে কোম্পানির নেতৃত্বে ফেরানোর দাবি জানিয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে কোম্পানিটির শেয়ারবাজারের মূল্য থেকে কয়েক শ বিলিয়ন পাউন্ড কমে গেছে। তবে এর পরও এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৩ দশমিক ৮৭ ট্রিলিয়ন ডলার। সোমবার লেনদেনের শুরুর দিকে কোম্পানিটির শেয়ারের দাম কমে যায়।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদের কাছে পাঠানো এক খোলা চিঠিতে হুয়াংকে ফিরিয়ে আনার সম্ভাবনাসহ সব বিকল্প বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন অল্টিমিটার ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ব্র্যাড গার্স্টনার এবং অ্যাট্রিডিস ম্যানেজমেন্টের প্রধান গ্যাভিন বেকার।

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য লর্ড সারফরাজও এনভিডিয়ার নতুন চেয়ারম্যান হার্ভে জোনসকে চিঠি লিখেছেন। তদন্তের পর হুয়াংকে ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে কোম্পানির পরিচালকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বর্তমানে এনভিডিয়ার প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস কোম্পানির কার্যক্রম পরিচালনা করছেন। মঙ্গলবার কোম্পানিটির আর্থিক ফলাফলও তাঁর উপস্থাপন করার কথা রয়েছে।

সূত্র: বিবিসি

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত