ইউরোপকে ১২ কোটি ব্যারেল তেল ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

জ্বালানি বাজারে সরবরাহ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মজুদ থেকে আগামী ছয় মাসে ১২ কোটি ব্যারেল ডিজেল ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইউরোপের মজুদ থেকে এই বিপুল পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার অনুরোধ করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের প্রশাসন বিশেষ করে ফ্রান্স ও জার্মানির ওপর অসন্তুষ্টির কথা জানিয়েছে। দেশটির কর্মকর্তাদের ধারণা, জরুরি তেল ও জ্বালানি মজুদের কিছু অংশ বাজারে ছাড়ার বিষয়ে আগে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তা পুরোপুরি বাস্তবায়ন করেনি দেশ দুটি।

একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, পরিশোধিত জ্বালানির সরবরাহ বাড়ানো ও ভোক্তাদের জন্য ব্যয় কমাতে যুক্তরাষ্ট্র বিভিন্ন উপায়ে কাজ করছে। এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের কাজ করাই তাদের স্বার্থের জন্য ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।

ইউরোপে অবস্থানরত দ্বিতীয় সূত্রটি জানায়, আগামী ছয় মাসে ইইউকে মজুদ থেকে ১২ কোটি ব্যারেল ডিজেল ছাড়ার অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে বাজারে জ্বালানির সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে ওয়াশিংটন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ইউরোপ রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করেছে। ফলে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ইউরোপের নির্ভরতা ধীরে ধীরে বেড়েছে অন্য উৎসের ওপর। এর মধ্যে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সরবরাহকারী হয়ে উঠেছে।

এর সঙ্গে মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতিতেও বড় ধরনের পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন তৈরি হয়েছে। এতে ইউরোপের জ্বালানি বাজারে চাপ আরো বেড়েছে।

ফলে ইউরোপ এখন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া জ্বালানির ওপর আগের তুলনায় বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইউরোপের মজুদ থেকে ডিজেল ছাড়ার উদ্যোগকে সরবরাহ বাড়ানোর একটি পথ হিসেবে দেখছে।