ভারত-পাকিস্তানের নাগরিকদের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

ভারত ও পাকিস্তানের নাগরিকদের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতে ৭১ বছর এবং পাকিস্তানে ৬৮ দশমিক ২ বছর।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার এই দুই দেশের চেয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশের গড় আয়ু যুক্তরাষ্ট্র ও কানাডার তুলনায় কম। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু ছিল ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডার ৮১ দশমিক ৪ বছর।

তবে গড় আয়ু বেশি হলেই মানুষ দীর্ঘ সময় সুস্থভাবে জীবনযাপন করছেন—এমনটি বোঝায় না। সুস্থভাবে বেঁচে থাকার প্রত্যাশিত সময় সাধারণত মোট গড় আয়ুর চেয়ে কম।

জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি গত শুক্রবার (২ অক্টোবর) এ-সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, করোনাভাইরাস মহামারির ধাক্কা কাটিয়ে ২০২৩ সালে বিশ্বের গড় আয়ু প্রায় মহামারির আগের পর্যায়ে ফিরে এসেছে। একই সঙ্গে সুস্থভাবে বেঁচে থাকার সময়ও ধীরে ধীরে বাড়ছে।

২০২৩ সালে বিশ্বে মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৩ বছরে। ২০১৯ সালে এই হার ছিল ৭৩ দশমিক ৪ বছর। ওই বছরের শেষ দিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয় এবং ২০২০ সালে মহামারি ব্যাপক আকার ধারণ করে। এর প্রভাবে ২০২১ সালে বৈশ্বিক গড় আয়ু নেমে আসে ৭১ দশমিক ৫ বছরে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে মানুষের গড় আয়ু বৃদ্ধি একটি বড় অর্জন। তবে এখনকার চ্যালেঞ্জ হলো মানুষ যেন দীর্ঘ সময় সুস্থ শরীর নিয়ে বাঁচতে পারে।