নাইজেরিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৩২ 

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান মর্মান্তিক দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রুসহ মোট ৩২ জনই নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দেশটির সরকারি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের খবরে বলা হয়, প্রেসিডেন্ট বোলা টিনুবু এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

বিমান চলাচল বিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানান, এডো রাজ্য থেকে লাগোসে যাওয়ার পথে বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়। পরবর্তীতে ওন্দো রাজ্যের ইগবোকোদা এলাকায় এর ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।

নাইজেরিয়ান বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ‘এটিআর-৪২’ মডেলের ছিল। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা শুরু করে সংশ্লিষ্ট বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীর তীরবর্তী অঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষের পাশাপাশি যাত্রীদের বিভিন্ন দেহাংশ ও ব্যবহৃত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

সূত্র: ডয়চে ভেলে