ইয়েমেনের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রণালয়।
বুধবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, উত্তরাঞ্চলীয় সা’দা ও হাজ্জাহ, পশ্চিমাঞ্চলীয় হুদায়দা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের আবাসিক এলাকায় সৌদি সামরিক বিমান হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে।
তায়েজে একমাত্র সচল ডায়ালাইসিস সেন্টারে সৌদি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। চিকিৎসাকেন্দ্রটির ক্ষয়ক্ষতি এবং এর ফলে সৃষ্ট স্বাস্থ্য ও মানবিক বিপর্যয়ের জন্য রিয়াদ সরকারকে সম্পূর্ণ দায়ী করেছে তারা।
স্বাস্থ্যকেন্দ্রগুলোর সুরক্ষা এবং চিকিৎসাসেবা অব্যাহত রাখতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, বুধবার গভীর রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইব প্রদেশের আল-তালাহি এলাকায় সৌদি যুদ্ধবিমানের হামলায় এক শিশুসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন পাঁচজন, যাঁদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছেন।
তায়েজ প্রদেশের বন্দরনগরী মোখায় একটি অতিথিশালায়ও হামলা চালিয়েছে সৌদি বিমান। ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়েছেন বলে জানা গেছে। তবে সৌদি যুদ্ধবিমান আকাশে চক্কর দেওয়ায় অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারেননি।
আল-মাসিরাহ টিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে সানায়ও কয়েক দফা বিমান হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সৌদি যুদ্ধবিমান এতিম শিশুদের উন্নয়নে কাজ করা অরফানস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পরিচালিত একটি জুতা ও বস্ত্র কারখানায় কয়েক দফা বোমা হামলা চালিয়েছে।
এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র দাবি করেন, সৌদি রাজধানী রিয়াদের একটি বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের সেনাবাহিনী কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের একটি আর্থিক কেন্দ্র লক্ষ্য করে ‘বিপুলসংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। ইয়েমেনের বেসামরিক স্থাপনায় সৌদি হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্য এক বিবৃতিতে সারি জানান, গত ২৪ ঘণ্টায় সৌদি বিমান ও ক্ষেপণাস্ত্র ইউনিট ইয়েমেনের রাজধানী সানাসহ আটটি প্রদেশে ৮৭টি হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তাঁর দাবি।
সংঘাতের পটভূমি
প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে সৌদি আরব সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা চালানোর পর ইয়েমেন যুদ্ধের সাম্প্রতিক উত্তেজনা শুরু হয়। এর জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি বিমানবন্দর, তেল স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী ট্যাংকারে হামলা চালায়। একই সঙ্গে ‘অবরোধের জবাবে অবরোধ’ কৌশল গ্রহণ করে।
২০১৫ সালের মার্চে সৌদি আরব ইয়েমেনে ব্যাপক বিমান হামলা শুরু করে। রিয়াদের সমর্থনপুষ্ট সরকারকে সানায় পুনর্বহালের লক্ষ্য নিয়ে শুরু হওয়া ওই অভিযানের পাশাপাশি দেশটির ওপর অবরোধও আরোপ করা হয়। এর ফলে ইয়েমেনে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক লাখ মানুষের প্রাণহানি সত্ত্বেও সৌদি আরব ঘোষিত লক্ষ্য অর্জনে সফল হয়নি।
নিষিদ্ধ আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে এ্যাবের বিক্ষোভ মিছিল
স্বর্ণের দামে স্বস্তি, নতুন মূল্য ঘোষণা বাজুসের
সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি