বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিতে মরিয়া ইয়েমেন সরকার

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালী এবং কৌশলগত মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার দাবি করেছে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার। 

সোমবার (৫ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হটিয়ে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের এই রুটটি নিরাপদ করতে যৌথভাবে সাঁড়াশি অভিযান শুরু করেছে সরকারি বাহিনী। রাজধানী সানায় ইতোমধ্যে কৌশলগত আক্রমণ পরিচালনা করা হয়েছে বলে সামরিক সূত্র নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, মোখার বিভিন্ন প্রান্তে তীব্র লড়াইয়ে বেশ কয়েকজন হুথি যোদ্ধা হতাহত ও বন্দি হয়েছেন। হরমুজ প্রণালী বন্ধের শঙ্কা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মধ্যেই এই সংঘাত নতুন মাত্রা যোগ করেছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে হুথিরা তাইজ প্রদেশের মোখা ও সংলগ্ন উপকূলীয় এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় নিয়েছিল। এর জবাবে সরকারি বাহিনীর হোমল্যান্ড শিল্ড ফোর্স ও জায়ান্টস ব্রিগেড ধুবাব জেলায় বড় ধরনের পাল্টা আক্রমণ চালিয়েছে।

অভিযানের অংশ হিসেবে বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়েছে এবং প্রণালীর সাথে তাদের প্রধান সরবরাহ লাইনগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। ২০১৪ সাল থেকে রাজধানী সানাসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: আল জাজিরা