ফ্রান্সে স্কুলের পরিবেশ ও সুযোগ-সুবিধার উন্নয়নের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিভিন্ন শহরে আয়োজিত কর্মসূচিতে দুই লাখ ৫০ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছে আয়োজকরা। পুলিশের হিসাবে, বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নেন প্রায় দুই লাখ মানুষ। এর মধ্যে শুধু প্যারিসেই ছিলেন প্রায় ৫৬ হাজার।
অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণভাবে হলেও প্যারিসসহ কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে। এদিনের বিক্ষোভ ঘিরে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে ৪৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু জানিয়েছেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে অন্তত ২১৫ কিশোর ও ৮৫ স্কুলকর্মী আহত হয়েছেন। তার ভাষায়, কয়েক দশকের মধ্যে দেশটির শিক্ষা ব্যবস্থায় এটিই সবচেয়ে বড় ক্ষতির ঘটনা।
অন্যদিকে বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও মানবাধিকার সংগঠন। তরুণ বিক্ষোভকারীদের ওপর ‘অসামঞ্জস্যপূর্ণ পুলিশি দমন’ বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও।