ব্যাংকে অডিটের মধ্যে ম্যানেজারের মৃত্যু, থানায় অডিট কমিটির ৩ সদস্য

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০১:১০ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সালামের (৫০) মৃত্যু হয়েছে। অতিমাত্রায় গ্যাস ট্যাবলেট সেবনের পর তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে গেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুস সালাম নিমগাছী গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি নিমগাছী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখার কর্মী শফিকুল ইসলাম জানান, অডিট চলাকালে আব্দুস সালামকে হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। বিষয়টি জানতে চাইলে তিনি আমাকে বাঁচতে দেওয়া হলো না। আমি মারা যাব বলে মন্তব্য করেন। পরে তিনি গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা জানান। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

শফিকুল ইসলাম আরও জানান, ঘটনার পর অডিট কমিটির সদস্যদের বিক্ষুব্ধ জনতা ও ব্যাংকের কর্মীরা অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে যায়।

তবে অডিটের চাপের কারণেই আব্দুস সালাম গ্যাস ট্যাবলেট সেবন করেছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তার পরিবারের সদস্য কিংবা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত