২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

ভিয়েতনামের হো চি মিন সিটিতে প্রায় ২,৭০০ পোষা বিড়াল চুরি করে অবৈধভাবে মাংস বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

পুলিশের তদন্তে জানা যায়, অপরাধী চক্রের সদস্যরা রাতের বেলা দলবদ্ধ হয়ে মোটরসাইকেলে চড়ে বিভিন্ন আবাসিক এলাকায় তল্লাশি চালাত। মাছের টুকরো টোপ হিসেবে ব্যবহার করে সুকৌশলে তারা ঘর থেকে বিড়ালগুলো ফাঁদে ফেলত।

প্রতি রাতে একটি দল গড়ে চার থেকে দশটি বিড়াল চুরি করত। গত ৮ জুলাই বিশেষ অভিযান চালিয়ে ৫০টি বিড়াল, পশম ছাড়ানোর যন্ত্র, ফাঁদ ও নগদ অর্থ জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে প্রায় ২,৭০০ বিড়াল চুরির চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে। এর মধ্যে ১৩টি বিড়ালকে তাদের প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে এবং বাকিগুলোকে একটি প্রাণী কল্যাণ কেন্দ্রে রাখা হয়েছে।

আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা সংস্থা ‘হিউম্যান ওয়ার্ল্ড ফর অ্যানিমেলস’-এর তথ্যমতে, ভিয়েতনামে প্রতি বছর প্রায় ৫০ লাখ কুকুর ও ১০ লাখ বিড়াল মাংসের জন্য পাচার ও জবাই করা হয়।

দেশটিতে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া আইনসম্মত হওয়ায় রেস্তোরাঁগুলোতে তা খোলাখুলি বিক্রি হয়। তবে মাংস বিক্রেতাদের অবশ্যই প্রাণী সংগ্রহের বৈধ উৎস বা অনুমতিপত্র থাকতে হয়।

অন্যান্য এশীয় দেশের তুলনায় ভিয়েতনামে এই প্রথা কিছুটা বেশি প্রচলিত থাকলেও, তরুণ সমাজ ও পোষা প্রাণীর মালিকদের পক্ষ থেকে এর বিরোধিতা দিন দিন বাড়ছে।

সূত্র: বিবিসি