ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় সীমাপুরি এলাকায় একটি ঝুঁকিপূর্ণ ভবন ধসে এক অন্তঃসত্ত্বা নারীসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস)।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত আহত অবস্থায় ১১ জনকে উদ্ধার করে রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ২১ বছর বয়সী চার মাসের অন্তঃসত্ত্বা গোলাফসার পরিচয় নিশ্চিত করা গেছে। তবে দুর্ঘটনায় প্রাণ হারানো ১২ বছরের এক কিশোরী ও এক শিশুর নাম-পরিচয় এখনও জানা যায়নি।
উদ্ধার অভিযানের তদারকিতে থাকা ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মিনা জানান, ধ্বংসস্তূপে উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে। স্থানীয়দের অনেকেই নিখোঁজদের সন্ধানে এখনো ঘটনাস্থলে অপেক্ষা করছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় হওয়া ভূমিকম্পের কম্পন থেকেই ভবনটিতে বড় ফাটল ধরেছিল। এমসিডির তথ্য অনুযায়ী, ফাটল দেখা দেওয়ার পর ভবনটি খালি করার কাজ শুরু করেছিলেন বাড়িটির মালিক।
প্রায় ২২৫ বর্গফুটের ছোট জমিতে তৈরি এই ভবনটি ধসে পড়ার পেছনে ভূমিকম্পের কারণ প্রধান হিসেবে ধরা হচ্ছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত চালাচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ৬ সেপ্টেম্বর দিল্লির সত্য নিকেতনে একটি পাঁচতলা ভবন ধসে পড়ার ঘটনায় সাতজন নিহত হয়েছিলেন। মাত্র এক মাস না পেরোতেই রাজধানীতে ফের এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।
তথ্যসূত্র: এনডিটিভি