মসজিদুল হারামে নারী স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষ প্রশিক্ষণ

পবিত্র মসজিদুল হারামে আসা মুসল্লি ও দর্শনার্থীদের সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে বিভিন্ন সময়ে নানা প্রশিক্ষণ ও কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক সাধারণ প্রেসিডেন্সি নারী স্বেচ্ছাসেবকদের মাঠ পর্যায়ের কাজের জন্য দক্ষ ও প্রস্তুত করতে ‘ইমপ্যাক্ট কম্পাস’ নামের একটি বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করেছে।

উদ্যোগটির মূল লক্ষ্য হলো মসজিদুল হারামে দায়িত্ব পালনকারী নারী স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় জ্ঞান, ব্যাবহারিক দক্ষতা ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা প্রদান করা। তাই ইমপ্যাক্ট কম্পাসের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বাস্তব কর্মপরিবেশে কিভাবে দায়িত্ব পালন করতে হবে, সে বিষয়েও তাদের প্রস্তুত করা হয়েছে।

এ জন্য স্বেচ্ছাসেবকদের বিভিন্ন ধরনের দায়িত্ব ও স্বেচ্ছাসেবামূলক কাজের ক্ষেত্র সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট নিয়ম-কানুন, নির্দেশনা ও কর্মপদ্ধতি স্পষ্টভাবে তুলে ধরা হয়।

এর মাধ্যমে স্বেচ্ছাসেবকদের কাজের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয়।
এরই মধ্যে ‘ইমপ্যাক্ট কম্পাস’ উদ্যোগের বিভিন্ন সূচকেও এর ইতিবাচক প্রভাব ফুটে উঠেছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ৯৮ শতাংশ নিয়ম-কানুন ও নির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করেছেন। আর ৯৭ শতাংশ অংশগ্রহণকারী অর্জিত জ্ঞানকে বাস্তব অনুশীলনে রূপ দিতে সক্ষম হয়েছেন।

এ ছাড়া ৯৭ শতাংশ অংশগ্রহণকারী মাঠ পর্যায়ের প্রয়োগমূলক কার্যক্রম থেকে উপকৃত হয়েছেন।
মসজিদুল হারামে প্রতিদিন বিপুলসংখ্যক মুসল্লি ও দর্শনার্থী আগমন করেন, বিশেষ করে নারী দর্শনার্থীদের প্রয়োজনীয় সেবা ও নির্দেশনা প্রদানে দক্ষ নারী স্বেচ্ছাসেবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কারণে তাদের দক্ষতা, আত্মবিশ্বাস ও মাঠ পর্যায়ের প্রস্তুতি বাড়ানোর উদ্যোগ সেবার সামগ্রিক মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।