সৌদি আরবের ওপর সাম্প্রতিক ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাশ পুরো অঞ্চলের 'যৌথ নিরাপত্তা কাঠামো' জোরদার করার তাগিদ দিয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জরুরি ভিত্তিতে 'যৌথ উপসাগরীয় পদক্ষেপ' পুনরুজ্জীবিত করার এই জোরালো আহ্বান জানান।
গার্গাশ উল্লেখ করেন, জঘন্য আক্রমণকারীদের একটি ভুল ধারণার কারণে উপসাগরীয় আরব দেশগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আক্রমণকারীরা মনে করেছিল, যে যুদ্ধকে উপসাগরীয় দেশগুলো এড়িয়ে চলতে চেয়েছিল, সেই যুদ্ধে তারা সবচেয়ে দুর্বল শিকল। তবে এই আক্রমণের ফলে এটি এখন স্পষ্ট যে—আমরা সবাই আক্রান্ত এবং আমাদের নিরাপত্তা অবিভাজ্য।
তিনি বলেন, প্রধান প্রতিবেশী দেশ সৌদি আরবের বিরুদ্ধে চালানো আক্রমণ কেবল তাদের একার বিষয় নয়, বরং তা "সংযুক্ত আরব আমিরাত এবং সমস্ত উপসাগরীয় দেশের নিরাপত্তাকে ক্ষুণ্ন করে"।
আনোয়ার গার্গাশ আরও যোগ করেন, বিশেষ করে নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উপসাগরীয় পদক্ষেপ পুনরুজ্জীবিত করা এবং একটি সমন্বিত যৌথ নিরাপত্তা কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। অতীতে এই ক্ষেত্রে গুরুতর অবহেলা দেখা গেছে, যা শত্রুপক্ষকে আমাদের বিরুদ্ধে দুঃসাহস দেখাতে উৎসাহিত করেছে। উপসাগরীয় নিরাপত্তা হলো একটি যৌথ দায়িত্ব, যেখানে কোনো শিথিলতা বা বিলম্বের সুযোগ নেই।
সূত্র: আল-জাজিরা