ডলারের দাপটে টালমাটাল বিশ্ববাজার

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১১:২০ এএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তীব্র হওয়ার জেরে বিশ্ববাজারে বিনিয়োগকারীদের উৎকণ্ঠা বাড়ার পাশাপাশি ডলারের মান গত দেড় বছরের (১৮ মাস) সর্বোচ্চ সুরক্ষার কাছাকাছি অবস্থান করছে। একই সঙ্গে চলতি সপ্তাহে প্রকাশ হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির উপাত্তের ওপর চোখ রাখছেন মুদ্রাবাজারের বিনিয়োগকারীরা, যা মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত আসন্ন নীতি নির্ধারণে মূল ভূমিকা রাখবে।

ট্রেডিং সপ্তাহের শুরুতে এশিয়ার বাজারে সোমবার (১২ অক্টোবর) প্রধান ছয়টি বৈশ্বিক মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের সূচক (Dollar Index) ১০২.১৪ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলা জোরদার করায় এবং সাপ্তাহিক ছুটির দিনে দুটি জ্বালানি ট্যাংকারে হামলার ঘটনায় বিশ্ববাজারে খনিজ তেলের দাম ওঠানামা করছে। যদিও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের সমঝোতার খবরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩.৫৫ ডলারে নেমে আসে।

কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার বিশ্লেষকদের মতে, হুতিরা সৌদি জ্বালানি সম্পদে হামলা অব্যাহত রাখলে তেলের দাম ও মার্কিন ডলারের মান বাড়তেই থাকবে। এদিকে মধ্যপ্রাচ্যের এই সংঘাত ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে মার্কিন ভোক্তাদের আস্থা সূচক কমেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গত মাসে সুদের হার বাড়িয়েছিল ফেড। চলতি মাসের শেষের দিকে ফেডের পরবর্তী বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা ৮১ শতাংশ বলে অনুমান করছেন বাজার বিশ্লেষকরা।

অন্যান্য প্রধান আন্তর্জাতিক মুদ্রার মধ্যে জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দাম সামান্য কমে দাঁড়িয়েছে ১৫৮.১৬ ইয়েনে। ফরাসি রাজনৈতিক ও রাজস্ব অনিশ্চয়তার জেরে টানা পাঁচ সপ্তাহ পতনের পর ইউরো সামান্য ঘুরে দাঁড়িয়ে ১.১২১ ডলারে লেনদেন হচ্ছে। ইউরো-ডলার সমন্বয় এবং ভূ-রাজনৈতিক টেনশনের মাঝেই ক্রিপ্টোকারেন্সির বাজারে বিটকয়েনের দাম ০.২ শতাংশ বেড়ে ৮৩,৭৮৮.৫০ ডলারে পৌঁছেছে।

সূত্র: রয়টার্স

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত