ইরানে অপহরণকারী দলের পাঁচ সদস্য নিহত, প্রকৌশলী উদ্ধার

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে অপহরণকারী একটি দলের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচ সদস্যকে হত্যার পাশাপাশি অপহৃত এক নির্মাণ প্রকল্পের প্রকৌশলীকে উদ্ধারের দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে আইআরজিসির স্থলবাহিনীর কুদস ঘাঁটির এক বিবৃতির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রদেশটির জাহেদান শহরের কুরিন এলাকায় এ অভিযান চালানো হয়। অপহরণকারী দলটি জইশ আল-আদল বা জইশ আল-জুলম নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছে আইআরজিসি।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, সোমবার জাহেদানের পশ্চিমাঞ্চল থেকে নির্মাণ প্রকল্পের ওই প্রকৌশলীকে অপহরণ করা হয়। পরে তাঁকে একটি প্রতিবেশী দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল অপহরণকারীদের।

ঘটনার পর কুদস ঘাঁটির স্থলবাহিনীর সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করেন। এরপর কুরিন এলাকায় তাদের আস্তানায় আকস্মিক অভিযান চালানো হয়। এতে অপহরণকারী দলের পাঁচ সদস্য নিহত হন এবং অপহৃত প্রকৌশলীকে উদ্ধার করা হয়।

অভিযানে আইআরজিসির একজন সদস্য নিহত হয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অপহরণকারী দলের বাকি সদস্যদের সঙ্গে সংঘর্ষ চলছিল। তবে অভিযান-পরবর্তী পরিস্থিতি বা উদ্ধার হওয়া প্রকৌশলীর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

উল্লেখ্য, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত। অঞ্চলটিতে বিভিন্ন সময়ে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।