ইরানকে নিয়ে আর ধৈর্য নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ধৈর্য শেষ হয়ে এসেছে। একই সঙ্গে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে পুনর্ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের ওয়াসিলায় রিপাবলিকান প্রার্থীদের পক্ষে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার বক্তব্য প্রকাশিত হয়। 

সমাবেশে ট্রাম্প বলেন, ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র কী করতে যাচ্ছে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তার ভাষায়, ‘আমরা ইরানকে নিয়ে আর ধৈর্য ধরতে পারছি না।’ ট্রাম্প আরও বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। দেশটির পারমাণবিক স্থাপনাগুলো হাজার হাজার টন পাথরের নিচে চাপা পড়ে আছে বলেও দাবি করেন তিনি। 

নতুন সামরিক পদক্ষেপের জল্পনা
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার সম্ভাবনা বিবেচনায় পেন্টাগনকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সম্ভাব্য হামলার কোনো নির্দিষ্ট তারিখের কথা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। 

অন্যদিকে, গত ৮ অক্টোবর ট্রাম্প জানিয়েছিলেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনা এগোচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি। ফলে ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি এবং এর আগে দেওয়া হামলা না চালানোর বক্তব্যের মধ্যে কীভাবে সমন্বয় হবে, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। তবে তার সর্বশেষ বক্তব্যের পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আনাদোলু ও দ্য ইকোনমিক টাইমস