বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন ভারতের তরুণদের অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ছাত্রনেত্রী নেহা বোরা। তাঁর ভাষ্য, বাংলাদেশে শিক্ষার্থীদের সংগ্রাম থেকে শিক্ষা নিয়েই ভারতের তরুণেরা নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ কথা বলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশে যেভাবে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা লড়াই করেছেন, ভারতের তরুণেরাও বর্তমানে মোদি সরকারের বিরুদ্ধে একই ধরনের লড়াই চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের সংগ্রামের প্রশংসা করে নেহা বোরা বলেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ক্রমবর্ধমান হুমকি এবং সমালোচনামূলক চিন্তাভাবনা স্তব্ধ করে দেওয়ার চেষ্টার সঙ্গে ভারতের শিক্ষাঙ্গনে উগ্রবাদী প্রভাব বিস্তারের গভীর মিল রয়েছে। দক্ষিণ এশিয়ার তরুণদের জন্য উন্নত ভবিষ্যৎ গড়তে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।
উল্লেখ্য, পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও ছড়িয়ে পড়ার পর নাট্যকর্মী ও আন্দোলনকর্মী নেহা বোরা ভারতের জেন জি নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে পরিচিতি পান। নির্বাচনী সংস্কার ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতাসহ বিভিন্ন দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন।