ইরানে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের আগে ইরানের সামরিক স্থাপনা ও পারমাণবিক কেন্দ্রে যৌথ হামলার পরিকল্পনা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিডল ইস্ট আই।
বুধবার (১৪ অক্টোবর) ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনের বরাতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন এবং ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ভোটের আগেই ইরানের সামরিক স্থাপনা ও পারমাণবিক কেন্দ্রে যৌথভাবে বড় ধরনের সামরিক অভিযান চালানোর লক্ষ্যে বিগত দুই সপ্তাহে নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে একাধিক ফোনালাপ হয়েছে। এসব আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগজনক নতুন পদক্ষেপের কথা তুলে ধরেন নেতানিয়াহু।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, নির্বাচনের আগে তিনি ইরানে হামলা চালাতে চান না। তবে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সে জন্য ইসরায়েলি সেনাবাহিনী ও মার্কিন সেন্ট্রাল কমান্ড সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ট্রাম্প নেতানিয়াহুকে অভিযানের প্রস্তুতি নিতে বলেছেন।
তবে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর সূত্রের বরাতে জানা গেছে, নেতানিয়াহু তাঁর প্রতিরক্ষা কর্মকর্তাদের বলেছেন, ট্রাম্প নিজেই ইরানে হামলার প্রসঙ্গ তুলেছিলেন এবং এ ধরনের অভিযানে ইসরায়েল অংশ নেবে কি না, তা জানতে চেয়েছিলেন।
অন্যদিকে নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রতিবেদনটির তথ্য অস্বীকার করা হয়েছে। কার্যালয়টি জানিয়েছে, প্রধানমন্ত্রী ফোনালাপের অভ্যন্তরীণ বিষয়বস্তু নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেন না।
সূত্র: মিডল ইস্ট আই।