ইসরায়েলে ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে আলোচনায় বসেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। দুই নেতার এই বৈঠকে ক্ষমতা ভাগাভাগি, সরকারের নীতিগত অবস্থান ও রাজনৈতিক সমঝোতার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

রোববার (২৯ নভেম্বর) তেল আবিবের কিরিয়া সামরিক সদর দপ্তরে বৈঠক শুরু করেন নেতানিয়াহু ও আইজেনকোট। বৈঠকের শুরুতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইজেনকোটের দল ইয়াশারের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট ও টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। একই সময়ে দুই দলের প্রতিনিধিদের মধ্যেও পৃথক আলোচনা চলছে। 

শনিবার নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়ে আইজেনকোটকে আলোচনায় বসার আহ্বান জানান। প্রস্তাবে ক্ষমতা ভাগাভাগির ভিত্তিতে আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার কথা বলেন তিনি। আর নেতানিয়াহু শুরুতে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে সম্মত হওয়ার ইঙ্গিত দেন। রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে এটি নেতানিয়াহুর বড় ধরনের ছাড় হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে প্রস্তাবের বাস্তবায়ন ও ক্ষমতা হস্তান্তরের সময়সীমা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু সম্ভাব্য একটি নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে চাইছেন। এরপর ক্ষমতা হস্তান্তরের পালা শুরু করার বিষয়ে তার আগ্রহ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ শর্তে আইজেনকটের আপত্তি রয়েছে।

আইজেনকোট জানিয়েছেন, সরকার গঠনের আলোচনা হওয়া উচিত নীতিগত বিষয় ও বিস্তারিত রাজনৈতিক পরিকল্পনার ভিত্তিতে। নেতানিয়াহুর অনুরোধে এক সপ্তাহ আগে গোপন যোগাযোগের মাধ্যমে তিনি একটি বিস্তারিত প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে এখনো নেতানিয়াহুর কাছ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাননি বলে দাবি করেছেন তিনি।

এদিকে নেতানিয়াহুর সঙ্গে সরাসরি আলোচনার পাশাপাশি আইজেনকটের দল অন্য রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গেও সরকার গঠনের আলোচনা চালিয়ে যাচ্ছে। জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমীকরণে এখনো অনিশ্চয়তা রয়েছে।

সরকার গঠনের জন্য আইজেনকোটকে দেওয়া প্রাথমিক সময়সীমা আগামী ৬ ডিসেম্বর শেষ হবে। এ সময়ের মধ্যে সরকার গঠন করতে না পারলে তিনি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে একবারের জন্য ১৪ দিনের সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। 

সূত্র: জেরুজালেম পোস্ট

বিএইচবি
আরও পড়ুন